
পূর্বাশা ডেস্ক:
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘জাতীয় বেয়াদব’ বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার দাবি, ইনু এক সময়ের সশস্ত্র জঙ্গি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনাসভায় গয়েশ্বর এ মন্তব্য করেন। গয়েশ্বর চন্দ্র বলেনÑ তথ্যমন্ত্রী হাসানুল হক এক সময়ের সশস্ত্র জঙ্গি, সে গণতন্ত্রে বিশ্বাস করত না। গণবাহিনীর ডেপুটি চিফ ছিল, তার চিফ ছিল কর্নেল তাহের। আজকে সে (তথ্যমন্ত্রী) বলে, খালেদা জিয়া নাকি জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের দালাল।
আসলে সে একটা জাতীয় বেয়াদব। একটা বিদেশি গোয়েন্দা সংস্থার আজীবন বেতনভুক্ত কর্মচারী।
হাসানুল হক ইনুর অতীত কর্মকান্ডের সমালোচনা করে জাসদের সাবেক নেতা গয়েশ্বর আরও বলেন, ইনু সশস্ত্র আন্দোলনের নামে শেখ মুজিবের মৃত্যু তরান্বিত করার ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। এখন শেখ হাসিনাকেও কফিনে ঢুকাবে কিনা আমার সন্দেহ হয়।
তিনি বলেন, ভারতের সঙ্গে সামরিক চুক্তিটাকে অগ্রাধিকারে আনার জন্যই কয়েকদিন ধরে জঙ্গিবাদের উৎসব চলছে। অথচ মাঝখানে কিন্তু চুপচাপই ছিল, তেমন কিছু শোনা যায়নি।
সংগঠনের সভাপতি প্রলয় সান্যালের সভাপতিত্বে আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফজাল এইচ খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, এলবার্ট পি কস্টা প্রমুখ বক্তব্য রাখেন।
পূর্বাশানিউজ/০১-এপ্রিল,২০১৭/ফারজানা

























































