
পূর্বাশা ডেস্ক :মামলা থাকায় বিএনপি সমর্থিত তিন মেয়রকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রোববার দুপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে ওই তিনজনকে বরখাস্ত করা হয়। বরখাস্তরা হলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সিলেটের মেয়র আরিফুল হক ও হবিগঞ্জের মেয়র জি কে গউছ। মন্ত্রণালয় থেকে বরখাস্তের আদেশ সংশ্লিষ্ট মেয়রদের কার্যালয়ে পাঠানো হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ২৩ মাস পর দায়িত্ব না নিতেই ফের সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। রোববার বেলা তিনটার দিকে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ফ্যাক্সে তার সাময়িক বরখাস্তের এ আদেশ আসে। রোববার বিকেল ৩টা পাঁচ মিনিটের দিকে ফ্যাক্সযোগে আদেশের কপিটি রাসিকে আসে। এর আগে মেয়র বুলবুল তার অফিস কক্ষে নিজের চেয়ারে গিয়ে বসেন। আদেশের খবর শুনে তিনি বেরিয়ে যান।
এ সময় গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, যে কারণ দেখিয়ে তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে, সে কারণে আগেই তাকে বরখাস্ত করা হয়েছিল। উচ্চ আদালতে তিনি দায়িত্ব ফিরে পেয়েছেন। তাই মন্ত্রণালয়ের এ আদেশ তিনি আমলে নিচ্ছেন না।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেয়র বুলবুলের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। আর স্থানীয় সরকারের (সিটি করপোরেশন) ২০০৯ সালের আইনে মেয়রের নামে মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হলে তাকে বরখাস্তের বিধান রয়েছে। তাই মেয়র বুলবুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
এর আগে রোববার সকালে আদালতের রায় হাতে নিয়ে নগরভবনে যান বুলবুল। কিন্তু কক্ষ তালাবদ্ধ থাকায় উত্তেজনা দেখা দেয়। পরে রাসিকের কয়েকজন কর্মকর্তাদের নিয়ে মেয়র ও বিএনপিপন্থি কাউন্সিলররা এসে তাদের সঙ্গে কথা বলেন। এসময় বিএনপির কাউন্সিলরা রাসিকের কর্মকর্তাদের তালা খুলতে বললে তারা অপরগতা জানালে উত্তেজনা দেখা দেয়।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা পর ফের সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রোববার দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে মেয়রের পদ ফিরে পেয়ে সকালে সিলেট সিটি করপোরেশনে মেয়রের চেয়ারে বসেন আরিফুল হক চৌধুরী। মেয়রের চেয়ারে বসার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দুঃসংবাদ এসেছে আরিফের জন্য।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, মন্ত্রণালয়ের ওই বার্তায় বলা হয়েছে, ‘আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল মামলা-৪/২০০৯ এর সম্পূরক অভিযোগপত্র গত ২২ মার্চ আদালতে গৃহীত হয়েছে। সেহেতু সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগ আইন ২০০৯ এর ১২ উপধারা প্রদত্ত ক্ষমতাবলে সাময়িক বরখাস্ত করা হলো।’
বিশেষ ট্রাইব্যুনাল ওই মামলাটি হচ্ছে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জীবদ্দশায় দিরাইয়ে একটি জনসভায় বোমা হামলার মামলা।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত সেনের জনসভায় বোমা হামলার ঘটনায় দায়ের করা ৪টি মামলায় পর্যায়ক্রমে উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন আরিফুল হক। ২ বছর ৪ দিন পর চলতি বছরের ৩ জানুয়ারি সবকটি মামলায় জামিনে মুক্ত হন তিনি। গত ১৩ মার্চ আরিফের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তাদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিল করলে গত ২৩ মার্চ হাইকোর্টের দেওয়া আদেশই বহাল রাখেন আপিল বিভাগ। ওই আদেশের পরিপ্রেক্ষিতে রোববার নগর ভবনে গিয়ে ফের মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এদিকে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলার আসামি হবিগঞ্জের পৌর মেয়র জি কে গউছকে একই কারণ দেখিয়ে বরখাস্ত করেছে মন্ত্রণালয়। হাইকোর্টের আদেশ পেয়ে তিনি গত ১০ দিন আগে মেয়রের দায়িত্ব বুঝে পেয়েছিলেন।
রুবেল মজুমদার/পূর্বাশা ডেস্ক

















































