শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশবিরোধী কোনো চুক্তি মেনে নেওয়া হবে না: খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৭

 

পূর্বাশা ডেস্ক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। সেখানে তিনি যাই কিছু করুন না কেন, দেশবিরোধী কোনো চুক্তি করলে তা মেনে নেওয়া হবে না। আশা করি এমন কিছু তিনি করবেন না। জনগণকে পাশ কাটিয়ে কিছু করা হলে অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে। প্রয়োজনে রাজপথের আন্দোলনে যেতে হবে।’

১ এপ্রিল শনিবার রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) নেতারা দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের কোনো খবর নেই; উনি বিভিন্ন এলাকায় গিয়ে ভোট চাচ্ছেন। হয়তো পরিস্থিতি নিজেদের অনুকূলে দেখলে নির্বাচন দিয়ে দেবেন। কিন্তু সে নির্বাচনে আমরা কেন যাব, গিয়ে কী লাভ? লেবেল প্লেয়িং ফিল্ড নেই, আকাশ-পাতাল অবস্থান। আওয়ামী লীগ বুঝতে পেরেছে, সুষ্ঠু ভোট হলে তাদের ভরাডুবি হবে। তাই তারা কোনো নির্বাচনই সুষ্ঠু করছে না।

বিএনপি চেয়ারপারসন বলেন, কুমিল্লা সিটি করপোরেশনেও নির্বাচন কমিশন নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেনি। যদি সুষ্ঠু ভোট হতো তাহলে আরও অন্তত ৫০ হাজার ভোটের ব্যবধানে ধানের শীষের বিজয় হতো।

তিনি আরও বলেন, দেশের পরিস্থিতি ভালো নেই। কারো কোনো নিরাপত্তা নেই। গুম-খুন অব্যাহত রয়েছে। ছাত্রদল নেতা নুরুল আলম নুরুর মতো তরুণকে আজ পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী এ দায় এড়াতে পারে না।

এ সময় ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির জোটের ডাকা কর্মসূচি স্থগিত করা ভুল ছিল বলে স্বীকার করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সাক্ষাৎকালে ৩০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদ। সে সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, সাবেক মহাসচিব এমএ আজিজ, বর্তমান মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক নেতা এম ইলিয়াস খানসহ বিভিন্ন জেলার ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

রুবেল মজুমদার/পূর্বাশা ডেস্ক



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি