শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » স্থায়ী বিনিয়োগ ও ভাল গল্পের অভাবে চলচ্চিত্র শিল্প হারিয়ে যাচ্ছে


স্থায়ী বিনিয়োগ ও ভাল গল্পের অভাবে চলচ্চিত্র শিল্প হারিয়ে যাচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা বলেছেন, ভাল চলচ্চিত্র নির্মাণে শুধু মেধা ও মননের সংকট নেই, একই সঙ্গে দীর্ঘমেয়াদী পুঁজির অভাবেই ধারাবাহিকভাবে উন্নত মানের চলচ্চিত্র আসছে না। এর ফলে চলচ্চিত্রের দর্শকরা যেমন বঞ্চিত হচ্ছে তেমনি সিনেমা হলগুলো ব্যবসায়িক সফলতা পাচ্ছে না। এর নেতিবাচক প্রভাব পড়েছে পুরো চলচ্চিত্র জগত ও শিল্পে।

বাংলাদেশে চলচ্চিত্রের মান এবং এর ব্যবসায়িক সফলতা, ব্যর্থতা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হচ্ছে। যুগের চাহিদার সাথে সাথে যেমন পরিবর্তন হয়েছে বাংলা সিনেমার রূপ, তেমনি তাকে সবসময় জনসাধারণের মধ্যে জনপ্রিয় করার চেষ্টাও হয়ে আসছে। এমনি একটি প্রয়াসের অংশ হিসাবে আজ সোমবার পালিত হচ্ছে জাতীয় চলচিত্র দিবস। কিন্তু কিভাবে টিকে আছে বাংলাদেশের চলচিত্র শিল্প, আর কতটাই ব্যবসা সফল হচ্ছে? বিবিসি বাংলার এ প্রশ্নের জবাবে অমিতাভ রেজা বলেন, বাংলাদেশের চলচিত্রের এখন যে অবস্থা তাতে ব্যবসা সফল ছবি হচ্ছে না। এর প্রধান কারণ হিসাবে যেটা মনে হয় সেটা হল কনটেন্ট। কনটেন্ট ডেভেলপমেন্ট করে যেসব ছবি বানানো হচ্ছে সেগুলো হয় সৃজনশীল হচ্ছে না, সৃজনশীল হলেও সেগুলো যথেষ্ট বিনোদনমূলক হচ্ছে না, যেটার কারণে দর্শক বারবার আগ্রহ নিয়ে হলে দেখতে যাবে। আরেকটা কারণ হচ্ছে চলচ্চিত্রের পৃষ্ঠপোষকতার জন্য যে পুঁজি দরকার সেটা নেই। স্থায়ী পুঁজি না থাকলে চলচ্চিত্র শিল্প উন্নতি লাভ করবে না।

অনেক সময় যৌথ প্রযোজনায় ছবি হচ্ছে সেগুলো বাণিজ্যিকভাবে সফল হয় কিনা এ প্রশ্নের উত্তরে অমিতাভ রেজা বলেন, যতটুকু দেখা যাচ্ছে এখন পর্যন্ত যৌথ প্রযোজনার ছবি খুব বেশি ব্যবসাসফল হচ্ছে না। যে কনটেন্টে ছবি তৈরি হলে দর্শক হলে গিয়ে দুবার ছবি দেখবে সেরকম হচ্ছে না। সাম্প্রতিক সময়ে আয়নাবাজি ছবিটা নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। কিন্ত এর আগে বা পরে এরকম ছবি আর দেখা যাচ্ছে না।

ভাল কনটেন্টের সিনেমা কেন করা যাচ্ছে না এ প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ভাল কনটেন্ট  তৈরি করতে মেধা লাগে। এই মুহূর্তে হয়তো এই ধরনের মেধার ঘাটতি আছে। এটা এমন এক ধরনের প্রোডাক্ট যেটা বানানোর জন্য এক ধরনের মেধা, মনন লাগে। এই দুইটা জিনিস এক সাথে হচ্ছে না। এই ধরনের কাজের জন্য সৃজনশীল মানুষ উৎসাহিত হচ্ছে না। আমি এই মুহূর্তে ছবি বানাচ্ছি না তার কারণ হল আমার জীবনে চলার জন্য বা এমন কোন প্রডিউসার  পাচ্ছি না যে পরবর্তী তিন মাস আমাকে বেতন দেবে যাতে আমি একটা ছবিতে কাজ করতে পারি।

একটা সময় ছিল বাংলাদেশে বছরে ১০ থেকে ১২টা ছবি ব্যবসাসফল হত। কিন্তু এখন দর্শকরা বলছেন সিনেমা হলে যাওয়ার মত পরিবেশ নেই। আবার যারা নির্মাতা আছেন, প্রযোজক আছেন তারা বলছেন ছবি বানালে দর্শক আসে না ঠিক কোন জায়গাটিতে দুটি পরস্পর বিরোধী মিথস্ক্রিয়া হচ্ছে না, সে প্রশ্নের উত্তরে অমিতাভ রেজা বলেন, দর্শকরা ৪শ’ টাকা দিয়ে স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখে। এই টাকার মধ্যে ৪০ টাকা যারা সিনেমা বানায় তারা পায়। এই টাকা দিয়ে একটা ছবি চলবে না। ১২০ টাকার টিকিটের মধ্যে ২০ টাকা পেলে কত মানুষ এই সিনেমা দেখলে ছবিটা ব্যবসাসফল হবে। সিনেমা শিল্পের যে অর্থব্যবস্থা সেটার সুষ্টু বন্টন হতে হবে।

অর্থাৎ যে পরিমান টাকা দিয়ে দর্শক হলে সিনেমা দেখতে যাবে তার জন্য টিকিটের যে মুল্য নির্ধারণ করা হবে সেটা বন্টন ঠিকমত হতে হবে। স্থায়ী পুঁজির প্রেডাকশন কোম্পানি তৈরি হতে হবে। যারা স্থায়ীভাবে একটার পরে একটা ছবি নির্মাণ করবে। এবং তাদের মধ্যে ঐ মননটা থাকতে হবে যাতে তারা বিভিন্ন ধরনের ছবি তৈরি করে। শুধুমাত্র নাচে-গানে ভরপুর, এ্যাকশনধর্মী ছবি তৈরি করলে হবে না। এমন ছবি তৈরি করতে হবে যাতে মধ্যবিত্ত মানুষ হলে গিয়ে সিনেমা দেখে। তাহলে আমাদের চলচিত্র শিল্প উন্নতি লাভ করতে পারে।

পূর্বাশানিউজ/০৩-এপ্রিল ২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি