
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার তিতাস উপজেলার উত্তর মানিকনগর গ্রামে শুক্রবার গভীর রাতে প্রবাবসীর বাড়ীতে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগ ও স্থানীয়রা জানান, উপজেলার উত্তর মানিকনগর গ্রামের মৃত: নুর মিয়ার ব্যাপারির পুত্র আলহাজ্ব মো: সাদির হোসেন সাদেক, মো: হাবিবুর রহমান, আ: কাদির বাহরাইন প্রবাসী। দীর্ঘদিন যাবত তাদের সাথে একই গ্রামের মৃত: জাহাবুষ্কি মিয়ার পুত্র আ: মজিদ, আব্দুল মজিদ এর পুত্র মনির হোসনে ও মুরাদনগর উপজেলার শুশুন্ডা গ্রামের বাউরা মিয়ার পুত্র আলম এর জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার রাত ১টার দিকে প্রবাসী আলহাজ্ব মো: সাদির হোসেন সাদেক এর উত্তর দিকের ঘরে আগুন লাগিয়ে দেয় অভিযোক্তরা। অভিযোক্তদের ঘর পাশে হওয়ায় তাদেও একটি ঘরে আগুন ছড়িয়ে পরে। এতে অভিযুক্তরাই চিৎকার করে আগুনের খবর দেয়। মুহুর্তের মাঝে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরে। পরবর্তীতে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় দেড়লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার পর আ: মজিদ ও তার পুত্ররা প্রবাসীর আলহাজ্ব মো: সাদির হোসেন সাদেক সহ তার পরিবারকে উল্টো বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রবাসী আ: কাদির এর স্ত্রী মোসা: ফাতেমা বেগম বাদী হয়ে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার বাদী ফাতেমা আক্তার জানান, আ: মজিদদের সাথে আমাদের দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার গভীর রাতে তারা আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। আল্লাহর বিচার তাদের ঘরও আগুনে পোড়া যায়। আমার স্বামী ও দেবরেররা বাহরাইন থাকে পুরুষ বলতে কেউ বাড়ীতে নেই। আমাদেরকে মহিলা পেয়ে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। আমি থানা পুলিশের কাছে এ ঘটনার সুষ্ট তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।
এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ নুরুল আলম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যাদের বাড়ী পুড়াগেছে তারা কিছু লোককে সন্দেহ করছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বাশানিউজ/১৫-এপ্রিল,২০১৭/ফারজানা

















































