
পূর্বাশা ডেস্ক:
যোগ্য প্রার্থী বাছাইয়ের চেষ্টাও চলছে। এছাড়া ২০-দলীয় জোটের সঙ্গেও আন্দোলন এবং আসন ভাগাভাগির বিষয় নিয়েও আলোচনা শুরু হয়েছে। নির্বাচনকালীন সরকার নিয়ে অনিশ্চয়তা থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি থেমে নেই বিএনপির। রূপরেখা ‘ভিশন-২০৩০’ সামনে রেখে চলছে নির্বাচনী ইশতেহার তৈরির কাজ।
দেশব্যাপী সাংগঠনিক সফরের মাধ্যমে আন্দোলন বেগবান করা এবং যোগ্য প্রার্থী বাছাইয়ের চেষ্টাও চলছে। নির্বাচনী পরিবেশ তৈরিতে সরকারকে চাপে রাখতে আন্তর্জাতিক যোগাযোগও বাড়ানো হয়েছে। এছাড়া ২০-দলীয় জোটের সঙ্গেও আন্দোলন এবং আসন ভাগাভাগির বিষয় নিয়েও আলোচনা শুরু হয়েছে। সব মিলে বিএনপির পালে লেগেছে নির্বাচনী হাওয়া।
বিএনপির সিনিয়র এক নেতা জানান, বিএনপিকে বাদ দিয়ে আবারও সংসদ নির্বাচনের ইচ্ছা করলেই সরকার করতে পারবে না। এর কারণ হচ্ছে, দেশের জনগণের পাশাপাশি বহির্বিশ্ব এবার আর তা মানবে না। জনগণ ও বহির্বিশ্বের সমর্থন নিয়ে সরকারকে নির্বাচনের পরিবেশ তৈরিতে বাধ্য করেই নির্বাচনে যাবে বিএনপি। এজন্য নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।
বিএনপি সূত্রমতে, দলটির কাছে তথ্য আছে, বিএনপি ছাড়া ফের সংসদ নির্বাচন করলে তা মানবে না আন্তর্জাতিক মহল। ২০১৪ সালের নির্বাচনের আগে জাতিসংঘের মধ্যস্থতায় রাজনৈতিক সংলাপে সরকারের দেয়া অঙ্গীকার রক্ষা করতে ক্ষমতাসীনদের ওপর চাপও আছে। সেই সংলাপে সুবিধাজনক সময়ে নির্বাচন করার অঙ্গীকার করেছিল সরকার।
এ বিষয়ে দলের মধ্যম সারির প্রভাবশালী এক নেতা বলেন, তাদের কাছে এমনও তথ্য আছে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় সংসদ নির্বাচন দেয়ার জন্য ক্ষমতাসীনদের ওপর চাপ দিচ্ছে আন্তর্জাতিক মহল। পাশাপাশি আবারও একতরফা নির্বাচন তারা মেনে নেবে না বলেও হুশিয়ার করা হয়েছে ক্ষমতাসীনদের। সঙ্গত কারণে এবার বিএনপিকে ছাড়া একতফরা নির্বাচনের পথে হাটবে না সরকার। সেজন্যই প্রথমে দলীয় সরকারের অধীনে বিএনপিকে নির্বাচনে নিতে কৌশল নেবে ক্ষমতাসীনরা। তাতে সফল না হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য হবে।
বিএনপি সূত্র জানায়, আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ে ক্ষমতাসীন দল নানাভাবে চেষ্টা করছে। এর জবাব দিতে বসে নেই বিএনপিও। এর অংশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ আরও বাড়িয়েছে দলটি। আন্তর্জাতিক যোগাযোগ বৃৃদ্ধির দায়িত্বপ্রাপ্ত নেতাদের পাশাপাশি লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য বহির্বিশ্বের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। একই ইস্যুতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া শিগগিরই লন্ডন ও ভারত সফরে যেতে পারেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এবার আর নির্বাচন বর্জন করছে না দলথএটা ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে ‘ভিশন ২০৩০’ শিরোনামে একটি রূপরেখা তৈরি করেছে বিএনপি। এর ভিত্তিতেই নির্বাচনের ইশতেহার তৈরি করা হবে। সরাসরি বিএনপির রাজনীতিতে জড়িত নন, এমন একজন সাবেক অধ্যাপকের নেতৃত্বে ‘ভিশন ২০৩০’ শীর্ষক রূপরেখা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। নতুন ধারার সরকার ও রাজনীতি প্রতিষ্ঠা করার একটি চিন্তা এই রূপরেখার খসড়ায় তুলে ধরা হয়েছে। এই রূপরেখা চূড়ান্ত হলে খালেদা জিয়া তা জনগণের সামনে তুলে ধরবেন। এটার ভিত্তিতে সময়মতো নির্বাচনের ইশতেহার দেয়া হবে।
জানা গেছে, আন্দোলন ও নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে অপেক্ষাকৃত তরুণদের দিয়ে ঢাকা মহানগর বিএনপির পুনর্গঠন করা হয়েছে। শুধু ঢাকা মহনগরী নয় অপেক্ষাকৃত তরুণ ও সংগঠনপ্রিয় নেতাকর্মীদের দিয়ে সারাদেশে কমিটি করা হচ্ছে। শিগগিরই রাজশাহী, খুলনা, রংপুর, সিলেটসহ কয়েকটি জেলা ও মহনগরে নতুন নেতৃত্ব আসছে। এরই মধ্যে স্বেচ্ছাসেক দল, যুবদল, মহিলা দল ও জাসাস কমিটি করা হয়েছে। অন্যগুলো প্রক্রিয়াধীন। এছাড়া নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর বার্তা নিয়ে তৃণমূলে বিএনপির কেন্দ্রীয় ৫১টি সাংগঠনিক টিম পাঠানো হচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সিনিয়র সব নেতাই পৃথকভাবে এই সফরে অংশ নেবেন। এই সফরে সিনিয়র নেতারা মাঠপর্যায়ে সাংগঠনিক খোঁজখবর নেবেন। অসম্পূর্ণ কমিটি দ্রুততম সময়ের মধ্যে সুরাহা করার পাশাপাশি আগামী নির্বাচন, দলীয় সম্ভাব্য প্রার্থীসহ চলমান রাজনৈতিক সব পরিস্থিতি নিয়ে সিনিয়র নেতারা মতবিনিময় করবেন।
এদিকে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বিএনপির সঙ্গে শরিক দলগুলোর নেতাদের আলোচনা হয়েছে। এরই মধ্যে শরিক দলের নেতারা আসন ভাগাভাগি নিয়ে দর-কষাকষিও শুরু করেছে। ২০-দলীয় জোটের বাকি ১৯টি দল বিএনপির কাছে ১৫০ আসনও চেয়েছে। অবশ্য বিএনপি এখনই আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা বাড়াতে চায় না। নির্বাচনের সময়ে এসব বিষয় ভেবে দেখবে জানিয়ে আন্দোলনের মাঠে সক্রিয় থাকতে শরিক দলের নেতাদের পরামর্শ দিয়েছে বিএনপি।
আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতবার একতরফা নির্বাচন করতে পারলেও এবার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন সহজ হবে না। নির্বাচনের পরিবেশ তৈরি হলেই বিএনপি নির্বাচনে যাবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ‘সঠিক সময়ে’ নির্বাচনকালীন সহায়ক সরকারের রপরেখা দেয়া হবে। দেশের জন্য এবং জনগণের অধিকার আদায়ের জন্য প্রস্তাব দেয়া হবে।
২৪/০৪/২০১৭ইং/ চৈতি।

























































