মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আমি আর তামিম ড্রেসিংরুমে সবচেয়ে অগোছালো: সাকিব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক : ক্রিকেটের মাঠে যতই পরিশ্রমী, কৌশলী আর মারকুটে হন না কেন, ড্রেসিংরুমে নিজেকে সবচেয়ে অলস বলে দাবি করেছেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, বাংলাদেশ জাতীয় দলে এই ‘তালিকায়’ যোগ করেছেন তামিম ইকবালের নামও।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এমন মজার তথ্য দিয়েছেন সাকিব নিজেই। ড্রেসিংরুমে সবচেয়ে বেশি কে কথা বলে? উত্তরে নিজের দিকে আঙুল তাক করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘ড্রেসিং রুমে সবচেয়ে অলসও আমি। সবচেয়ে অগোছালো করে রাখে, সেটাও আমি। তবে এক্ষেত্রে আরেকজনের নাম চলে আসবে, সেটা তামিম ইকবাল।’

সামনে এসেছে মাশরাফি বিন মুর্তজার কথাও। জাতীয় দলের নেটে সবচেয়ে বেশিক্ষণ মাশরাফি বিন মুর্তজার বল খেলে থাকেন সাকিব। কারণ হিসেবে জানিয়েছেন, তাকে খেলতে পছন্দ করেন বাংলাদেশ দলের এই নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।

এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতে অবস্থান করছেন সাকিব। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডে দশ দিনের ক্যাম্প করতে ২৬ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। যেখানে সাকিব যোগ দেবেন মে মাসের পাঁচ তারিখে। আইপিএল থেকে সোজা ইংল্যান্ডে যাবেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি