বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আবৃত্তিকার কাজী আরিফকে রাষ্ট্রীয় সম্মান প্রদান, জানাজা সম্পন্ন


আবৃত্তিকার কাজী আরিফকে রাষ্ট্রীয় সম্মান প্রদান, জানাজা সম্পন্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রে মারা যাওয়া মুক্তিযোদ্ধা ও আবৃত্তিশিল্পী কাজী আরিফকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে। তার দ্বিতীয় জানাজাও সম্পন্ন হয়েছে।

২ মে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয় এই মুক্তিযোদ্ধাকে। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকায় মোড়ানো কাজী আরিফের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠন-প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

সে সময় উপস্থিত ছিলেন- সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ ও কাজী মদীনা, আবৃত্তি ও অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যয়, আবৃত্তিকার ভাষ্কর বন্দোপাধ্যয় ও আশরাফুল আলম প্রমূখ।

৩ মে বুধবার বিকেল ৩টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন কাজী আরিফের মেয়ে অনুসূয়া। তিনি বলেন, ‘আমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। তার জন্য সবাই দোয়া করবেন। আশা করছি, কাল বুদ্ধিজীবী কবরস্থানে সবাই থাকবেন।’

এর আগে, সকাল পৌনে ৯টায় কাজী আরিফের মরদেহবাহী বিমান ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর পর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।

স্থানীয় সময় ২৯ এপ্রিল শনিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে লাইফ সাপোর্ট খুলে নিয়ে কাজী আরিফকে মৃত ঘোষণা করেছেন মাউন্ট সিনাই সেন্ট লুকস হাসপাতাল কর্তৃপক্ষ। ৩০ এপ্রিল রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে বাদ মাগরিব তার প্রথম জানাজা সম্পন্ন হয়।

হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২৫ এপ্রিল তার হার্টের বাল্ব পুনঃস্থাপন এবং আর্টারিতে বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

কাজী আরিফ ১৯৫২ সালের ৩১ অক্টোবর তৎকালীন বৃহত্তর ফরিদপুরের রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। তার শিক্ষা ও বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। ১৯৭১ সালে ‘১ নম্বর সেক্টর’ এর মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি।

যুদ্ধ শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন কাজী আরিফ। পেশায় স্থপতি এই গুণী একাধারে আবৃত্তিশিল্পী, লেখক ও মুক্তিযুদ্ধের সংগঠক।

পূর্বাশানিউজ/০২-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি