
পূর্বাশা ডেস্ক:
প্রতিবছরই আয় ব্যয়ের হিসাব সরকারের কাছে জমা দেয়ার আইন থাকলেও প্রতিষ্ঠার পর থেকে বছরের পর বছর এ হিসাব জমা দেয়না অসংখ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়।
কয়েক দফা চিঠি দিয়েও কাজ না হওয়ায়, এবার নিয়ম না মানলে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
কাজ-উচ্চশিক্ষাকে সহজ করা, আর ধরন অলাভজনক প্রতিষ্ঠান। এমন ধারণা থেকেই ৯০ এর দশকে যাত্রা শুরু করে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। দেশে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৭টি। আইন বলছে, “প্রত্যেক আর্থিক বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী বছরের আয় ব্যয়ের হিসাব এবং সংরক্ষিত তহবিল এবং সাধারণ তহবিলের হিসাব নিকাশ কমিশন এবং সরকারের কাছে পাঠাতে হবে।”
ইউজিসির প্রতিবেদন বলছে, ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত একবারও আয় ব্যয়ের হিসাব জমা দেয়নি এমন বিশ্ববিদ্যালয় রয়েছে ২টি। এছাড়া প্রায় ১ যুগ ধরে হিসাব জমা দিচ্ছে না ৭টি বিশ্ববিদ্যালয়। কম বেশি হিসাব জমা নিয়ে গাফিলতি রয়েছে বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়েরই। ফলে উদ্বৃত্ত টাকা চলে যাচ্ছে মালিকের পকেটে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, ‘হিসাব দেয় না কেন এটা যার যার ব্যাপার। এখানে তো আইন করার কিছু নাই। আমরা শাস্তিও দিতে পারি না, আমরা শুধু অনুরোধ করতে পারি’।
এদিকে শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘তাদেরকে তদারকি করাটা সহজ হবে যদি একটা আইন থাকে। আইন এখনো আছে, দেখা যাচ্ছে যে- উদ্বৃত্ত টাকাটা মালিকের পকেটে চলে যাচ্ছে। সেটি যদি আবার শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা যায় তাহলে বৃত্তি বাড়ানো যাবে, অনেক কিছু করা যাবে।’
আয় ব্যয়ের হিসাব চেয়ে কয়েক দফা চিঠি দিয়েছে মঞ্জুরি কমিশন। কেউ কেউ জমা দিয়েছেন। সেখানেও ১০টি বিশ্ববিদ্যালয় আয় ব্যয় সমান দেখিয়েছে। তাই ইউজিসির হুশিয়ারি, আর্থিক অনিয়মের বিরুদ্ধে কঠোর হওয়ার। আইনে তো তারা বাধ্য হিসাব দিতে’।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান বলেন, ‘আয় ব্যয় সমান হতে পারে। এখানে শুভঙ্করের ফাঁকি আছে। আমাদের কাছে তালিকা আছে, আমর শীঘ্রই এটা প্রকাশ করবো। ২০ বছর ধরে একটি বিশ্ববিদ্যালয় কোন হিসাবই দেয় না। আয় ব্যয় সমান কিনা সেটা পরের কথা, কোন হিসাবই দিচ্ছে না’।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন বলেন, ‘মঞ্জুরি কমিশন যদি কোথাও কোন অসঙ্গতি দেখে এবং তাদের তদন্তে যদি সেরকম ধরা পড়ে তাহলে সে ধরণের ব্যবস্থা তারা নিচ্ছেন। এমন কোন ঘটনা ঘটলে সরকার ব্যবস্থা নিচ্ছে।’
ইউজিসির সবশেষ বছরের তথ্য মতে, ২০১৬ সালে ৮৫টি বিশ্ববিদ্যালয়ের গড় আয় প্রায় ৩ হাজার ৩৬২ কোটি টাকা। আর ব্যয় হয়েছে গড়ে ৩ হাজার ৫৫ কোটি টাকা। কাগজে কলমে অলাভজনক প্রতিষ্ঠান হলেও একেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বছরে আয় করে কোটি কোটি টাকা। অথচ আয় ব্যয়ের হিসেব জমা দেয়া তো দুরে থাক, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডেও নেই ন্যুনতম স্বচ্ছতা। আর এ ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
পূর্বাশানিউজ/০৩-,মে ২০১৭/মাহি

























































