
পূর্বাশা ডেস্ক:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে দেশে মোট জনসংখ্যার ১০ থেকে ১২ ভাগ মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। অথচ প্রাণঘাতি এই রোগ সম্পর্কে জানে না দেশের ৫১ ভাগ মানুষ। প্রতি বছর এই রোগে জন্ম নিচ্ছে অন্তত ৭ হাজার শিশু।
থ্যালাসেমিয়া একটি রক্ত স্বল্পতা জনিত মারাত্মক বংশগত রোগ। আক্রান্ত ব্যক্তির রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোহোলোবিনের উপস্থিতি কম থাকে। রোগীর দেহে মারাত্মক রক্ত শূন্যতা দেখা দেয় । বাবা মা উভয়ই এই রোগের জীন বহন করলে সন্তান থ্যালাসেমিয়া নিয়ে জন্মানোর সম্ভাবনা থাকে।
ভালোবেসেই সংসার পেতেছিলেন নাসরিন নামের এক মেয়ে। এই থ্যালাসেমিয়ার কারণে বাচ্চা নিতে না পারার অব্যক্ত কান্না এখন নাসরিনের বুকজুড়ে।
শুধু নাসরিনই নয়, এ রোগে আক্রান্ত এক শিশুর মা বললেন, তখন যদি বুঝতাম তাহলে তো আর এ সমস্যাটা হতো না, এখন তাকে ১৫ দিন পর পর রক্ত দিতে হয়। প্রতি মাসে প্রায় ষোল সতের হাজার টাকা খরচ হয়।
আরেকজন জানালেন, আমরা এটা নিয়ে খুবই কষ্টে থাকি। সন্তানের এ রোগ হলে বাবা মায়ের মনে কোন শান্তি থাকে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় ১০-১২ ভাগ মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। আর প্রতি বছর জন্ম নিচ্ছে অন্তত ৭ হাজার আক্রান্ত শিশু। সংশ্লিষ্টরা বলছেন, একমাত্র সচেতনতাই পারে তা প্রতিরোধ করতে।
থ্যালাসেমিয়া ফাউন্ডেসনের মহাসচিব ডা. মো: আব্দুর রহিম জানালেন, এ রোগ হলে বাচ্চারা রক্তের অভাবে, ঔষধের অভাবে মারা পর্যন্ত যেতে পারে। এক্ষেত্রে সরকারকে আরো জরালো কার্যক্রম হাতে নিতে হবে। এবং এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কেই উদ্যোগ নিতে হবে।
এতদিন সরকারী পর্যায়ে খুববেশি প্রচারণা না থাকলেও নতুন স্বাস্থ্য নীতিতে থ্যালাসেমিয়ার বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়েছে। সংশ্লিষ্টদের মত, থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার কোন বিকল্প নেই। আর তা করা গেলে বাংলাদেশেও রোগীর জন্মহার শূন্যের কোটায় নিয়ে আসা সম্ভব।
০৯/০৫/ ২০১৭/ Choity.

























































