শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রিমান্ডের প্রথম রাতেই খাবার নিয়ে যে নাটক করলো ‘ধর্ষক’ সাফাত-সাদমান


রিমান্ডের প্রথম রাতেই খাবার নিয়ে যে নাটক করলো ‘ধর্ষক’ সাফাত-সাদমান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

রাজধানীর বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের মামলার মূল আসামি সাফাত আহমেদকে ছয় দিনের এবং সাদমান সাকিফকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তারা দুজনই বর্তমানে ডিবি পুলিশের রিমান্ডে রয়েছেন।

রিমান্ডের প্রথম রাতেই তারা দুজন খাবার নিয়ে নাটক করেছেন বলে পূর্বপশ্চিমকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা।

তিনি বলেন, সাফাত ও সাদমানকে ডিবি অফিসের কারাগারের দক্ষিণ সেলে রাখা হয়েছে। শুক্রবার রাত সোয়া আটটার দিকে যথারীতি তাদের সঙ্গে একই রুমে থাকা আরো ৯ জনসহ মোট ১১ জনের জন্য সাদা ভাত, মাছ ও ডাল পাঠানো হয়। কিন্তু সাফাত ও সাদমান সে খাবার খায়নি। পরে রাত সাড়ে ৯ টার দিকে তাদের এক আত্মীয় ডিবি অফিসে এসে মুরগির মাংস, সাদা ভাত, সবজি এবং গরুর মাংস দিয়ে যায়। সে খাবারই তারা দুজন খেয়েছেন। এমনকি তাদের আত্মীয় কয়েক ধরণের ফলমূল এবং শুকনা খাবারও ডিবি অফিসে দিয়ে গেছে বলেও জানিয়েছে ‍সূত্রটি।

শুক্রবার রিমান্ডের প্রথম রাতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে ডিবি পুলিশের সূত্রটি।

এর আগে দুই অভিযুক্তকে ঢাকার মহানগর হাকিমের আদালতে হাজির করার পর পুলিশের পক্ষ থেকে দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছিল। রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার আব্দুল্লাহ আবু।

আসামিপক্ষের আইনজীবী অভিযুক্তদের নির্দোষ দাবি করে রিমান্ডের আবেদন বাতিল করার এবং অভিযুক্তদের জামিনে মঞ্জুর করার অনুরোধ জানান।

এই মামলায় যেহেতু আরও আসামি আছে তাই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে আব্দুল্লাহ আবু জানান।

উল্লেখ্য, দুজন বিশ্ববিদ্যালয় ছাত্রী অভিযোগ করেছেন গত ২৮শে মার্চ একটি হোটেলে আয়োজিত এক জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে তাদের ধর্ষণ করে আসামিরা। এ মাসের ৬ তারিখে ওই দুই ছাত্রী বনানী থানায় পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

পূর্বাশানিউজ/১৩-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি