শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বাল্যবিয়ের আগাম খবর দিলেই ৫০ টাকা মোবাইল রিচার্জ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নাটোরে বাল্যবিয়ে ঠেকাতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। তিনি এক সাপ্তাহিক সভায় ঘোষণা দিয়েছেন, গ্রাম্যপুলিশের কোন সদস্য যদি সম্ভাব্য বাল্যবিয়ের আগাম খবর দিতে পারে তবে সেই সদস্যকে পুরস্কার হিসেবে ৫০ টাকা মোবাইল রিচার্জ দেয়া হবে।

পুরস্কার হিসেবে মোবাইল রিচার্জ দেয়ার কারণ সম্বন্ধে মনির হোসেন জানান, গ্রাম্যপুলিশের সদস্যরা সামান্য সরকারি ভাতা পায়। অনেক সময় মোবাইল ফোনে কল করারও টাকা থাকে না। এদিক বিবেচনা করে সদস্যদের উৎসাহ দেয়ার জন্য মোবাইল ফোনে রিচার্জ করবার এই ঘোষণাটি দেয়া হয়েছে।

মনির হোসেন বলেন, গুরুদাসপুর উপজেলায় ৬টি ইউনিয়ন ৫১ জন গ্রম্যপুলিশ আছে। তারাই বাল্যবিয়ে ঠেকানোর জন্য যথেষ্ট। তারা বিভিন্ন গ্রামে যাতায়াত করে। প্রায় প্রতি বাড়ি সম্পর্কেই তাদের কাছে খবর থাকে। বাল্যবিবাহের ঘটনা তারা আগে জানতে পান। তারা যদি এ কাজে সহযোগিতা করেন তাহলে ভাল ফল পাওয়া যাবে।

প্রথমিকভাবে টাকার সংস্থান ওই কর্মকর্তা নিজেই করবেন বলে জানিয়েছেন। পরবর্তীতে বিভিন্ন সংস্থার সহায্য নেওয়া হবে।

প্রসঙ্গত, গত এক বছরে গুরুদাসপুর উপজেলায় শতাধিক বাল্যবিয়ে হয়েছে। তাদের ক্ষেত্রে অধিকাংশরই জেল জরিমানা করা হয়েছে। তারপরও বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না। তিনি আশা করছেন এই নতুন উদ্যোগের ফলে গ্রামপুলিশের সদস্যরা হয়তো অর্থনৈতিক কারণে হলেও বাল্যবিয়ের খবর দেয়া থেকে বিরত থাকবে না।

গ্রাম্যপুলিশের সদস্যরা জানাচ্ছেন, এই ঘোষণা তাদের উৎসাহ যোগাচ্ছে।

পূর্বাশানিউজ/১৭-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি