
এদগার্দো বাউজাকে বহিস্কারের পর নতুন কোচ নির্বাচন নিয়ে স্প্যানিশ ক্লাব সেভিয়ার সঙ্গে মুখোমুখি অবস্থানে যায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। হোর্হে সাম্পাওলি নামক সোনার ডিম পাড়া হাঁসকে ছাড়তে মোটেও রাজী নয় সেভিয়া। এছাড়া চুক্তিও ১ বছর বাকী। কিন্তু শেষ পর্যন্ত দেশের ডাকেই সাড়া দিলেন এই আর্জেন্টাইন। জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নও পূরণ হলো তার।
সাম্পাওলিকে নিয়ে শুক্রবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতায় এসেছে সেভিয়া। এর থেকে পরিস্কার হয়ে গেল যে, সাম্পাওলিই হতে যাচ্ছেন লিওনেল মেসিদের হেডস্যার। আর্জেন্টিনার ঘোর দুঃসময়েই দায়িত্ব নিতে যাচ্ছেন সাম্পাওলি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে আর্জেন্টিনা খেলতে পারবে কি না সেটা এখনও নিশ্চিত নয়। পরের ম্যাচগুলোর বলতে গেলে সবগুতেই জিততে হবে ২ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
গত বিশ্বকাপ ও কোপা আমেরিকায় চিলির দায়িত্বে ছিলেন সাম্পাওলি। বিশ্বকাপে দুর্দান্ত খেলার পর ২০১৫ সালে আর্জেন্টিনাকে হারিয়েই কোপা আমেরিকার শিরোপা জয় করে চিলি। তখনই ফুটবল বিশ্বের নজর কেড়েছিলেন আর্জেন্টিনার ৫৭ বছর বয়সী এই কোচ। সেভিয়ার কোচের দায়িত্ব নিয়ে দারুণ সফল সাম্পাওলি। এবারের লা লিগায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলাটিকো মাদ্রিদের পেছনে থেকে লিগে চতুর্থ হয়েছে তারা।
পূর্বাশানিউজ/২৭-মে,২০১৭/ফারজানা
























































