
দেশের বিদ্যুত বিতরণ কোম্পাণীগুলোতে বিদ্যুত উৎপাদন আগের থেকে কিছুটা বেড়েছে। কিন্তু চাহিদা অনুযায়ী উৎপাদনে এখনো ঘাটতি থাকায় রমজান মাসে ইফতার ও সেহরির সময়ে লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে।
গত কয়েকদিনের তীব্র তাপদাহ থেকে বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টি হওয়ার কারণে কিছুটা পরিত্রাণ মিলেছে ঠিকই তবে প্রকৃতির এই প্রভাব পরেছে বিদ্যুতে। ফলে সপ্তাহখানেক ধরে দেশব্যাপী কমেছে বিদ্যুতের লোডশেডিং।
বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বলছে, রমজানে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। তবে বিতরণজনিত সমস্যায় কিছুটা ভোগান্তি থেকে যাবে। বিশেষ করে ইফতার, সেহরি ও তারাবির সময় বিভিন্ন এলাকার বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে। একই সঙ্গে মার্কেটগুলোতে সন্ধ্যার পর কেনাকাটার চাপ বাড়বে। ফলে এ সময় চাহিদা বেড়ে লাইনগুলো ওভারলোডেড হয়ে বিদ্যুৎবিভ্রাট ঘটাবে।
জানা গেছে, কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ ও গরমে চাহিদা বেড়ে যাওয়ায় গত সপ্তাহে দেশে লোডশেডিংয়ের পরিমাণ তিন হাজার মেগাওয়াটে দাঁড়ায়। বন্ধ বিদ্যুৎকেন্দ্রগুলো চালু এবং তাপমাত্রা কমায় লোডশেডিং কমেছে। কয়েকদিনের চেয়ে শুক্রবার রাত থেকে লোডশেডিং একটু কম। গত ২০ মে বিকেল ৪টায় বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল সাত হাজার ৫৯৬ মেগাওয়াট।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিতরণের দায়িত্বে থাকা একজন প্রকৌশলী জানান, দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে তাদের চাহিদা কমে গেছে। ক’দিন আগেও যেখানে পিকআওয়ারে তাদের চাহিদা ছিল চার হাজার ৯০০ মেগাওয়াট, সেখানে শুক্রবার সর্বোচ্চ চাহিদা ছিল তিন হাজার ৬০০ মেগাওয়াট।
এছাড়া রমজানে তাপমাত্রা খুব বেশি না বাড়লে ও বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াট থাকলে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। এরপরও বিতরণজনিত দুর্বলতায় অনেক এলাকায় বিদ্যুৎবিভ্রাট হতে পারে বলে জানান তিনি।
পূর্বাশানিউজ/২৮-মে,২০১৭/রুমকী






















































