সাধারণ মানুষের উন্নয়নের জন্য বাজেট দেয় সরকার। আবার বাজেটের টাকার জোগানও দেন এই মানুষেরাই। কিন্তু তাঁদের অনেকেই বাজেটের সবকিছু বোঝেন না। অনেকের কাছে বাজেট যেন আলোছায়ার খেলা। তাঁরা বাজেট থেকে কী চান, তাঁদের প্রত্যাশা কীÑএসব নিয়ে আমাদের আজকের এই আয়োজন
যানজট দূর করতে বরাদ্দ চাই
হাবিবা বেগম চৈতী
ব্যাংক কর্মকর্তা
বাজেটে নারীদের জন্য বিশেষ বরাদ্দ চাই। সব নারীই যেন স্বাবলম্বী হতে পারে, এ জন্য ব্যবস্থা থাকতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে। নারীকে পিছে ফেলে তো দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। এ জন্য যেসব নারী উদ্যোক্তা রয়েছেন, তাঁদের জন্য বিশেষ উদ্যোগ থাকতে হবে। তারা যেন আরও কম সুদে ঋণ পায়, এ জন্য বিশেষ বরাদ্দ থাকতে হবে। তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে। এ খাতে বিশেষ বরাদ্দই পারে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে।
বিভাগীয় শহরগুলোতে যেসব নারী কর্মজীবী রয়েছেন তাঁদের নিরাপত্তার জন্য বিশেষ উদ্যোগ থাকতে হবে। তাঁরা যেন নির্বিঘেœ কর্মক্ষেত্রে চলতে পারেন, এ জন্য উদ্যোগ থাকতে হবে। কর্মজীবী নারীদের নির্বিঘেœ চলাচলের জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা চালু করতে হবে। কারণ নারীদের পক্ষে গণপরিবহনে প্রতিযোগিতা করে ওঠা কঠিন হয়ে পড়েছে। রাজধানীর যানজট তো আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে। যানজট দূর করতে বরাদ্দ থাকতে হবে। বাজেটে সরকারের এটাই প্রধান লক্ষ্য হওয়া প্রয়োজন।
কর্মসংস্থানমুখী হতে হবে
সাদ্দাম হোসেন, শিক্ষার্থী
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থী হিসেবে চাইব শিক্ষা খাতে যেন সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়। উন্নয়ন খাতেও বরাদ্দ বাড়াতে হবে, যাতে বড় প্রকল্পগুলোর কাজ সময়মতো শেষ হয়। বিদ্যুৎ আমাদের খুব দরকার, এখানে বেশি গুরুত্ব দিতে হবে। নিত্যপণ্যের ভ্যাট না বাড়িয়ে বিলাসবহুল পণ্যের ওপর বাড়াতে হবে। সাধারণ মানুষের ঘাড়ে যাতে অতিরিক্ত ভ্যাট বা করের বোঝা না চাপে, সেটি নিশ্চিত করতে হবে।
বেকারত্ব এখন বড় সমস্যা। সার্বিকভাবে কর্মসংস্থানমুখী বাজেট তৈরি করতে হবে, এ জন্য বিশেষ পরিকল্পনা ও বরাদ্দ রাখতে হবে। বিসিএসসহ সরকারি চাকরিতে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে সরকারি কর্মকমিশনের (পিএসসি) অনেক সময় লাগে। দ্রুততর সময়ে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে পিএসসির সক্ষমতা বাড়াতে বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে। সরকারের রাজস্ব বাড়াতে ব্যক্তি পর্যায়ে আয়কর বাড়াতে গুরুত্ব দিতে হবে। আয়কর বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বছরের একটি নির্দিষ্ট সময়ে মেলার আয়োজন করে। এ ধরনের প্রচারণা বছরজুড়ে নিয়মিত চালানো উচিত। এসব প্রচারণায় দেশের বিখ্যাত ও অনুসরণীয় ব্যক্তিদের সম্পৃক্ত করা যেতে পারে।
কোন পণ্যে ভ্যাট আছে তা জানি না
ডি এম ফেরদৌস ইফতেখার
বেসরকারি চাকরিজীবী
নতুন ভ্যাট আইন সম্পর্কে সাধারণ মানুষের খুব বেশি ধারণা নেই। বিশেষ করে কোন পণ্যে ভ্যাট আছে, কোন পণ্যে ভ্যাট নেই, তা জানে না। নিশ্চিত হতে পারি না পণ্য কেনার সময় কত টাকা ভ্যাট দিলাম। আবার দোকানদার আমার ভ্যাটের টাকা সরকারি কোষাগারে জমা দেয় কি না, তাও জানতে পারি না। তাই সরকারের উচিত কোন পণ্যে ভ্যাট আছে, সেই বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো। এতে আমাদের মতো সাধারণ মানুষের উপকার হবে।
করমুক্ত আয়সীমা একটু বৃদ্ধি করা উচিত। সব জিনিসের দাম বাড়ছে, আগের মতো আর সঞ্চয় করা সম্ভব হচ্ছে না। তাই করমুক্ত আয়সীমা সহনীয়ভাবে বৃদ্ধি করা হলে সঞ্চয়টা অন্তত ঠিক রাখা সম্ভব হবে। আয়কর দেওয়ার পদ্ধতি আরও সহজ করা দরকার। শুনেছি, সঞ্চয়পত্রে সুদের হার কমাবে। আমি চাই, নারীদের জন্য যে পারিবারিক সঞ্চয়পত্র আছে, এর সুদের হার যেন কমানো না হয়।
দেশের উন্নতি হোক, এটাও আমরা চাই, করও দিতে চাই। কিন্তু সাধারণ মানুষের ঘাড়ে যেন করের বোঝা চাপানো না হয়।
দুজন আয় করেও সংসার চলে না
মো. মুন্না
রিকশাচালক, আগারগাঁও, ঢাকা
বাজেট কী বুঝি না। নিজে রিকশা চালাই, বউ লালমাটিয়ায় এক বাসায় কাজ করে। দুজন আয় করি, তাও সংসারের খরচ চলে না। ঢাকায় রিকশা চালাই ১০ বছরের বেশি। স্ত্রী-তিন ছেলেমেয়ে নিয়ে এখানেই থাকি। ঘরভাড়া, খাওয়ার খরচ বাদ দিয়ে দুই ছেলেমেয়ের পড়ালেখার খরচ দেওয়া লাগে। মেয়েটা পড়ে ক্লাস নাইনে, ছেলেটা ক্লাস থ্রিতে। স্কুলের বেতন ছাড়া প্রাইভেটের জন্য লাগে দেড় হাজার টাকা। বড় মেয়েটাকে বিয়া দিছি, ৫০ হাজার টাকা দেওয়া এখনো বাকি। সংসারের খরচ বাদ দিয়ে এই টাকা কীভাবে দেব, সেটা নিয়ে চিন্তায় আছি। গ্রামের বাড়ি থেকে চাল পাই না, চাল কিনে খাওয়া লাগে। চাল-ডালের দাম কয়েক মাস ধরে বাড়তি। সরকার চালের দাম কমাক। কারেন্টের (বিদ্যুৎ) খুব সমস্যা। সারা দিন থাকে না, রাতের বেলা ঘুমানোর সময় থাকে না, বিল তো ঠিকই দেওয়া লাগে। কদিন ধরে পানিরও সমস্যা, পানি কিনতে আলাদা টাকা দেওয়া লাগে।
শ্রমিকদের আবাসনের জন্য বরাদ্দ দরকার
খুকুমণি পোশাকশ্রমিক আশুলিয়া
তৈরি পোশাকশ্রমিকেরা মাস শেষে যে টাকা মজুরি পান তার অধিকাংশই ঘর ভাড়া দিতেই চলে যায়। তা ছাড়া প্রতিবছরই বাড়িভাড়া বাড়ে। অন্যদিকে চাল-ডালের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া দামের কারণে সব শ্রমিকই বিপদে আছেন। অবস্থা এমন দাঁড়িয়েছে একজনের আয় দিয়ে বাড়িভাড়া, খাওয়া-দাওয়া, সন্তানের পড়াশোনা ও গ্রামের বাড়িতে টাকা পাঠানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাই শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে আবাসন ও রেশনিং ব্যবস্থা চালু করতে বাজেটে বরাদ্দ থাকা দরকার। তাহলে আমরা শ্রমিকেরা একটু ভালো থাকতে পারতাম। শ্রমিকদের চিকিৎসা দেওয়ার দায়িত্ব কারখানার হলেও অনেকেই সেটি করে না। সে জন্য শ্রমিকদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা উচিত। কারণ শ্রমিকেরা সুস্থ না থাকলে উৎপাদন ব্যাহত হবে। তাতে দেশেরই ক্ষতি।
বাজেট এলেই ভয় পাই
তানিয়া নেওয়াজ
গৃহিণী, লালমাটিয়া ঢাকা
বাজেট এলেই আমি ভয় পাই। কারণ, প্রত্যেক জুন মাসে বাজেট ঘোষণার পরেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। তাই আমি মনে মনে চাই কোনো দিন যদি বাজেট না আসত! আমি একজন সাধারণ মানুষ। আমার সমস্যাগুলোর সমাধান বাজেট থেকে কোনোবারই পাই না।
বাজেট মানে যদি সারা বছরের চলার খরচ, সারা বছর যে সমস্যাগুলো লেগে থাকে, এগুলোর সমাধান হয় না কেন? আমি চাই জিনিসপত্রের দাম না বাড়ুক। আমি চাই বাচ্চাকে স্কুলে আনা-নেওয়ার সময় রাস্তায় যাতে জ্যাম না থাকে, চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা রাখতে পারি এবং চলাফেরার সময় যাতে নিরাপত্তা পাই। ঢাকার গণপরিবহনব্যবস্থা যাত্রীবান্ধব নয়। আমি মনে করি যানজট নিরসনে সুষ্ঠু গণপরিবহনব্যবস্থা চালু করা জরুরি। আমার কথা হচ্ছে প্রতিবছর বাজেট আসে, আবার চলেও যায়। তাতে আমাদের মতো মানুষের কোনো লাভ হয় না। অর্থমন্ত্রী গত বছর একটা শিশু বাজেট করেছিলেন বলে শুনেছিলাম। ওই বাজেট কোনো শিশুর উপকারে লেগেছে বলে মনে তো হয় না।
ঢাকায় জীবনযাত্রার ব্যয় যেন না বাড়ে
মিজানুর রহমান
ক্ষুদ্র ব্যবসায়ী
ঢাকায় জীবনযাত্রার ব্যয় নিয়মিত বাড়ছে। ভাইয়ের সঙ্গে ৬ হাজার টাকা ভাড়ার একটি বাসায় থাকি, সেখানে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল ভাড়ার ভেতরে। কয়েক মাস আগে বাড়িওয়ালা আমাদের বাসাভাড়া বাড়িয়েছে। এর কারণ বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি। এভাবে ঢাকায় থাকার ব্যয় বাড়লে মানুষের কষ্ট বাড়বে। আমাদের আয় কিন্তু বাড়ছে না। আগে একটা বনরুটিতে এক টাকা লাভ করতাম। এখনো সেই এক টাকাই লাভ। ফুটপাতে দোকান রাখতে দেয় না। নানা খরচ আছে। সব মিলিয়ে দিনে ৪০০-৫০০ টাকা আয়ও হয় না। রুটি-বিস্কুটের দামও বেড়েছে। সবকিছুর দামই বাড়ছে। বাজেটে আমাদের চাওয়া এসবের দাম নিয়ন্ত্রণ।
বেকার ভাতা চাই
মাহবুব আলম লেলিন
চাকরি প্রার্থী
বাজেটে কর্মসংস্থান সৃষ্টিই প্রধান লক্ষ্য হওয়া উচিত। সরকারি হিসাবেই দেশে ২৬ লাখ বেকার। এর মধ্যে বছরে ১ লাখও নিয়োগ পাচ্ছে না। শুধু সরকারি পর্যায়ে এত বেকারের কর্মসংস্থান করা সম্ভব নয়। এ জন্য বেসরকারি উদ্যোগ থাকতে হবে। দেশে যেন বড় বিনিয়োগ হয়, শিল্পকারখানা গড়ে ওঠে, এমন পরিবেশ রাখতে হবে। আমার মতো যারা চাকরিপ্রার্থী, তাদের কোনো আয় নেই। এরপরও চাকরির জন্য পরীক্ষা দিতে ফি আদায় করা হয় চাকরিপ্রার্থীদের কাছ থেকে। লাখ লাখ চাকরিপ্রার্থী থেকে প্রতিনিয়ত টাকা নিচ্ছে সরকার, এটা বন্ধ করা দরকার। চাকরিপ্রার্থীদের জন্য এটা একধরনের অত্যাচার হয়ে গেছে। পৃথিবীর অনেক দেশে শিক্ষিত বেকারদের ভাতাপদ্ধতি আছে, বাংলাদেশ সরকারও ২৬ লাখ বেকারের জন্য ভাতা চালু করতে পারে।
পূর্বাশানিউজ/০১-জুন,২০১৭/ফারজানা
পূর্বাশা ডেস্ক:





















































