
পূর্বাশা ডেস্ক:
বরাবরই বাংলাদেশ ক্রিকেট দলের কঠোর সমালোচক বীরেন্দ্রর সেওয়াগ। ভারতের বিপক্ষে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে কোনো না কোনো মন্তব্য করেনই ভারতের সাবেক এ ক্রিকেটার। তার অধিকাংশ মন্তব্য থাকে বাংলাদেশের প্রতি কটাক্ষপূর্ণ। বাংলাদেশকে তিনি হিসাবেই রাখতে চান না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ভারত মখোমুখি হওয়ার আগে মন্তব্য করেন তিনি। ভারতের সামনে বাংলাদেশ পাত্তা পাবে না বলে ভবিষ্যতবাণী করেন। ওই ম্যাচটি বাংলাদেশ জিততে জিততে শেষ মুহূর্তে দুর্ভাগ্যজনকভাবে হেরে যায়। উত্তেজনাপূর্ণ ওই ম্যাচ শেষে তার ভবিষ্যতবাণী সম্পর্কে এক টিভি উপস্থাপক প্রশ্ন করেন। তখন তিনি ঔদ্ধত নিয়ে বলেন, ‘আমার কথা কি ভুল হয়েছে? আমি বলেছিলাম, ভারত জিতবে। সেটা তো ভারত করেছে। বাংলাদেশ কি জিততে পেরেছে? পারেনি।’ সেই সেওয়াগ ফের বাংলাদেশ ক্রিকেট দলকে কোনো পাত্তাই দিলেন না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বিশ্বের তাবত সাবেক ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু সেদিকে গেলেন না সেওয়াগ। রোববার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকারে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে ভারত। শেষ চারে ভারত-বাংলাদেশের মুখোমুখি হওয়াটা প্রায় নিশ্চিত। সম্ভাবনা সামনে নিয়ে টুইট করেন সেওয়াগ। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত বাংলাদেশের প্রতিপক্ষ হওয়ার পর এক টুইটে সেওয়াগ নিজ দেশের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে লেখেন, ‘ভারতের কী দারুণ জয়। সলিড পারফর্মেন্স। সেমিফাইনাল ও ফাইনালের জন্য শুভকামনা।’ সেওয়াগের এই টুইটে মনে হচ্ছে ভারত নিশ্চিত ফাইনালে চলে যাচ্ছে। সেমিফাইনালে তিনি বাংলাদেশকে হিসাবেই রাখলেন না। ভারত দলকে তিনি ফাইনালের জন্য শুভকামনা জানিয়ে দিলেন!
১২ জুন ২০১৭/ Choity.
























































