
গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল কলেজগেইট এলাকায় একটি মালবাহী টেনের সাতটি বগি লাইনচ্যুতের ঘটনায় পাঁচঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলরুটে ফের রেল চলাচল শুরু হয়েছে।
বুধবার ভোররাত সোয়া চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। এখন ডাউন লাইনে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল করছে।
এ বিষয়ে টঙ্গী রেলের স্টেশন মাস্টার তহুরুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন পুবাইল কলেজ গেইট এলাকায় পৌঁছালে ঐ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলরুটের ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
তিনি জানান, ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন সকাল সাতটার দিকে এসে পৌঁছায়। রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো সরালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।






















































