
ডেস্ক :
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে লোক খুঁজছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। নির্বাচিত এমডি বেতন পাবেন ২ লাখ ৬৯ হাজার টাকা। সাথে ফুল টাইম ট্রান্সপোর্টসহ নিয়ম অনুযায়ী সরকারি সকল সুযোগ সুবিধা পাবেন। আগ্রহী ব্যক্তিকে আগামী ৬ জুন বিকেল ৪টার মধ্যে আবেদন করতে হবে।
গণমাধ্যমে সম্প্রতি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হবেন এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তাঁর দায়িত্ব সম্পর্কে লেখা হয়েছে, কক্সবাজার ও কুয়াকাটায় অবস্থিত সাবমেরিন কেবল সিস্টেমের পরিচালনায় যেসব প্রফেশনাল ও টেকনিক্যাল টিম রয়েছে তাদের লিড দেওয়া। এছাড়া ডাটা ও ভয়েস কমিউনিকেশনের জন্য কানেক্টিভিটি দেওয়া।
আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে লেখা হয়েছে, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং এমএস/পিএইচডি/এমবিএ করা থাকলে বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আর টেলিযোগাযোগ নিয়ে ২৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ১০ বছর এডমিনিস্ট্রেটিভ বিভাগে অভিজ্ঞতা থাকতে হবে। সাবমেরিন কেবল কোম্পানির সাথে কাজ করেছেন এমন আগ্রহীরা যোগ্যতায় এগিয়ে থাকবেন বলেও উল্লেখ করা হয়েছে।
তবে এই চাকরি হবে চুক্তিভিত্তিক। নির্বাচিত ব্যক্তির সাথে অন্তত ২ বছরের জন্য প্রাথমিক চুক্তি করা হবে। তবে আগামী দিনে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির (বিএসসিসিএল) বোর্ড অব ডিরেক্টর কাজের সন্তুষ্টি বিবেচনা করে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে পারবেন।
টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেসমিন আক্তার স্বাক্ষরিত বিজ্ঞাপনে বলা হয়েছে, শুধুমাত্র শার্ট লিস্টেড প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। আগ্রহীদের পূর্ণাজ্ঞ সিভি, সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সার্টিফিকেটের কপি এবং জাতীয় পরিচয়পত্রের কপি ৬ জুলাই বিকেল ৪টার মধ্যে টেলিযোগাযোগ বিভাগে জমা দিতে বলা হয়েছে।
পূর্বাশানিউজ/০৪-জুলাই,২০১৭/রুমকী

















































