
রোববার সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে নয় উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচ শেষে জরিমানার কবলে পড়েছে আধিনায়ক কার্লোস ব্রাথওয়েট ও দলের অন্যান্য সদস্যরা।
ম্যাচে স্লো-ওভার রেটের কারণে ক্যারিবীয় অধিনায়ককে ম্যাচ ফি’র ২০ শতাংশ ও দলের বাকি খেলোয়াড়কে ১০ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের পরেও ১.৩ ওভার বাকি থাকার অপরাধে এই জরিমানা করা হয়েছে।
নির্ধারিত সময়ের পরেও ওভার বাকি থাকায় আইসিসির নীতির ২.৫.১ ধারা ভঙ্গ হয়েছে। এই ধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের পরও ওভার বাকি থাকলে, এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে এবং দলকে জরিমানা করা হতে পারে। সেক্ষেত্রে অন্যান্য সদস্যদের থেকে দ্বিগুন জরিমানা গুনতে হবে অধিনায়ককে। আর এই ধারার আওতায়ই জরিমানার মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ দল।
আইসিসির ম্যাচ রেফারি এলিট প্যানেলের ডেভিড বুন ওয়েস্ট ইন্ডিজকে শাস্তির আওতায় আনেন। শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির মুখে পড়তে হয়নি ওয়েস্ট ইন্ডিজ দলকে। তবে আগামী ১২ মাসের মধ্যে ব্র্যাথওয়েটের নেতৃত্বে আবারও স্লো-ওভার রেট হলে, এক ম্যাচ নিষিদ্ধ হবেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।
১১ জুলাই ২০১৭/রুমকী
























































