শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পীরগঞ্জে নিয়োগ জালিয়াতি, অধ্যক্ষের এমপিও স্থগিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জালিয়াতির মাধ্যমে নিয়োগ নিয়ে সরকারী অর্থ আত্মসাত করার অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এইচ কে হাই স্কুল অ্যান্ড বি এম কলেজের অধ্যক্ষ আব্দুল বারীর এমপিও (বেতন) স্থগিত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে গত সোমবার এ আদেশ জারি করা হয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে দেওয়া আদেশে বলা হয়, ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল বারী জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে সরকারী টাকা আত্মসাত করে আসছিলেন এমন অভিযোগ পায় অধিদপ্তর। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন এবং জনবল কাঠামো সম্পর্কিত নীতিমালা ১৯৯৫ এবং বিভিন্ন সময়ে জারিকৃত পরিপত্র অনুসারে অধ্যক্ষ পদে আব্দুল বারীর নিয়োগকালীন সময়ে কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকায় জুলাই মাস হতে তার এমপিও (বেতন) সাময়িকভাবে স্থগিত করা হয়।

আজ বুধবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে আব্দুল বারী মুঠোফোনে বলেন, ‘বিষয়টি তিনি জানেন এবং এটি চাপ দিয়ে করানো হয়েছে বলে মন্তব্য করেন।’

উল্লেখ্য, অভিযোগ বিষয়ে এর আগে ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল ইনন্সটিটিউটের অধ্যক্ষকে তদন্ত করে প্রতিবেদন প্রেরণে নির্দেশ দেয় সংশ্লিষ্ট অধিদপ্তর।

পূর্বাশানিউজ/১২ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি