মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু হতে এখনো অনেক দেরি। ইতোমধ্যে টেস্ট সিরিজকে সামনে রেখে ফিটনেস ক্যাম্প শুরু করেছে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। তবে নিজ দায়িত্বে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন মুশফিকুর রহিম, পাশাপাশি বোলিংয়েও ঘাম ঝরিয়েছেন মাশরাফি মর্তুজা। দলের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে আসার পরেই মূল অনুশীলন শুরু করবে ক্রিকেটাররা।

এদিকে মঙ্গলবার ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্প শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ব্যাটসম্যান মুমিনুল হক। অস্ট্রেলিয়া সিরিজকে ঘিরে নিজের পরিকল্পনার কথা জানান তিনি। নিজেদের মাটিতে সিরিজটি হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জিং দেখছেন মুমিনুল।

বলেন, ‘যেকোনো কন্ডিশনেই ওরা নিজেদের মানিয়ে নিতে পারে। তাছাড়া অস্ট্রেলিয়া স্পিন হোক কিংবা পেস, দুটাই ভালোভাবে মোকাবেলা করতে পারে। ওদের দলে বেশ কয়েকজন ভালো পেসার রয়েছে যারা জোরে বল করতে সক্ষম। আমার কাছে মনে হচ্ছে উইকেট স্পিন হোক বা পেস, সিরিজটি চ্যালেঞ্জিং হবে।’

অস্ট্রেলিয়া সিরিজকে ঘিরে প্রস্তুতি শুরু করলেও নিজেদের বোর্ডের সাথে ক্রিকেটারদের দ্বন্দ্বের কারণে বাংলাদেশে আসবে কিনা সেটা নিয়ে রয়েছে সংশয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের চেয়ে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে থাকলেও মুশফিক বাহিনীদের সাম্প্রতিক টেস্ট ফর্ম ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বলে আত্মবিশ্বাসী মুমিনুল, তবে সিরিজ সমতা হলেও কোনো সমস্যা দেখছেন না তিনি।

‘আগের চেয়ে আমরা অনেক ভালো টেস্ট খেলছি। শেষ কয়েকটি সিরিজেও সেটির প্রমাণ রয়েছে। আমার বিশ্বাস অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা ২-০ তে জিতবো। সিরিজ ‘ড্র’ হলেও কোনো সমস্যা নেই। তবে আমি চাওয়া, যেন সিরিজের দুটি ম্যাচই জিততে পারি।’

পূর্বাশানিউজ/১৯ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি