
পূর্বাশা ডেস্ক
যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান রাজনীতিক, সাবেক প্রেসিডেন্ট প্রার্থী, ভিয়েতনাম যুদ্ধে কারাগারে থাকা সিনেটর জন ম্যাককেইনের ব্রেনে ক্যান্সার ধরা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছে তার অফিস। এখন তার চিকিৎসায় যে পদ্ধতি অনুসরণ করা হবে তার মধ্যে থাকতে পারে কেমোথেরাপি ও তেজষ্ক্রিয় বিকিরণ। সারা বিশ্ব এ খবরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচার করছে। ফিনিক্সের মায়ো ক্লিনিক হাসপাতাল এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, জন ম্যাককেইনের বাম চোখ বরাবর চোখের ওপরে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। গত সপ্তাহে তার নিঃসরণ করতে ছোটখাট প্রক্রিয়া অবলম্বন করেন চিকিৎসকরা। এ সময়ই তার ব্রেনে ধরা পড়ে টিউমার। এতে বলা হয়েছে ওই জমাট বাঁধা রক্তের প্যাথলজিক্যাল পরীক্ষায় দেখা প্রাথমিকভাবে দেখা গেছে তার ব্রেনে টিউমার রয়েছে। এটাকে বলা হয় গ্লিওব্লাস্টোমা। সিনেটর ও তার পরিবার আরো চিকিৎসা করানোর জন্য সম্মত হয়েছেন। এ বিষয়ে তাদেরকে সহযোগিতা করছে মায়ো ক্লিনিক কেয়ার টিম। এ খবরে জন ম্যাককেইনকে সব সময়েল একজন যোদ্ধা হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে আমেরিকার হিরো হিসেবে আখ্যায়িত করেছেন। সাহস যুগিয়েছেন। বলেছেন, আমি এ যাবত যাদেরকে জানি তার মধ্যে তিনি অন্যতম সবচেয়ে সাহসী যোদ্ধা। ক্যান্সার জানে না সে কাকে আক্রমণ করছে। এটাকে নরকে পাঠান, জন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সিনেটর ম্যাককেইন, সিন্ডি ও তার পুরো পরিবারের প্রতি মেলানিয়া ও আমার পক্ষ থেকে সমবেদনা ও প্রার্থনা। শিগগিরই সুস্থ হয়ে উঠুন। তাকে সাহস দিয়ে আরও মন্তব্য করেছেন সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককলেন। তিনি যুক্তরাষ্ট্রের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান জন ম্যাককেইনকে একজন হিরো হিসেবে অভিহিত করেছেন। তাকে আমরা ওয়াশিংটনে ফিরে চাই। সিনেটর ম্যাককেইনের ক্যান্সারের খবরে হতাশা প্রকাশ করেছেন তার মেয়ে মেঘান ম্যাককেইন। তিনি টুইটে বলেছেন, বাবার প্রতি আমার ভালবাসা সীমাহীন। অন্য সব মেয়ের মতো তাকে ছাড়া এই পৃথিবীতে আমি থাকতে পারবো না, এমনটা আশাও করি না। আমি আশা করি এমন দিন অনেক দূরে থাকবে। তিনি আমার রক, আমার হিরো, তিনি আমার ড্যাড । উল্লেখ্য, রিপাবলিকান এই নেতা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বড় একটি স্থান দখল করে আছেন। তিনি ভিয়েতনাম যুদ্ধে ৫ বছর কারাবন্দি হয়েছিলেন। এরপর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তিনি জোরালো ভূমিকা রেখে চলেছেন। ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে রিপাবলিকান দল থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু হেরে যান। ১৯৮৭ সাল থেকে আরিজোনা রাজ্যে টানা ৬ বার সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে চলেছেন। তিনি এ সময়ে বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে চলেছেন। ট্রাম্প হোয়াইট হাউজে প্রবেশের পর থেকেই বিভিন্ন ইস্যুতে সোচ্চার হয়েছেন। এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কমি’কে যখন বরখাস্ত করলেন ট্রাম্প তখন এ বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন ম্যাককেইন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে সোচ্চার হয়েছেন। এর তদন্তের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ইরাক যুদ্ধে নিহত মুসলিম ক্যাপ্টেন হুমায়ুন খানের পরিবারকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কটাক্ষের বিরুদ্ধে নিন্দা জানিয়ে তিনি সবচেয়ে সোচ্চার হয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের মাঝে যারা সবচেয়ে সেরা তাদেরকে অবমাননার লাইসেন্স কারো নেই। সম্প্রতি জার্মানির হামবুগে জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত হয় ট্রাম্পের। ওই সাক্ষাতেরও সমালোচনা করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও সামরিক বিষয়ে তিনি এক উচ্চকিত কণ্ঠ। তিনি নিজে যেটা ভালো মনে করেন, যেটাকে দেশের ও দেশের মানুষের স্বার্থে উপকারী মনে করেন, সে বিষয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করতে কখনো কুণ্ঠিত হন নি। এক্ষেত্রে অনেক সময় তাকে বিতর্কিত অবস্থানও নিতে হয়েছে। ইরাক যুদ্ধের একজন দৃঢ় সমর্থক ছিলেন তিনি। কিন্তু সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলের প্রতিরক্ষামন্ত্রী ডনাল্ড রামসফেল্ডকে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার ইতিহাসে সবচেয়ে খারাপ মন্ত্রীদের একজন হিসেবে উল্লেখ করেছিলেন। এ ছাড়া ইরাক যুদ্ধ যেভাবে তার সরকার পরিচালনা করছিলো তারও সমালোচনা করেছেন বার বার। এ ছাড়া তিনি সন্ত্রাসী সন্দেহে আটকদের ওপর নির্যাতন ও তাদেরকে অন্য দেশে গোপন কারাগারে আটক রাখারও সমালোচনা করেছেন। ২০০৮ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই তিনি সিনেটর হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেটে একাধিক কমিটির দায়িত্বে তিনি।
২০ জুলাই ২০১৭/ Choity.
























































