
পূর্বাশা ডেস্ক:
নেইমারকে নিয়ে গুঞ্জন আর নাটকীয়তার শেষ নেই। গুঞ্জন এমন জোরালো হয়েছিল যে, যেন এই সপ্তাহেই বার্সেলোনা ত্যাগ করে পিএসজিতে যোগ দেবেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। বার্সার স্কোয়াডের সঙ্গে বুধবার নেইমার আমেরিকা গেলে গুঞ্জন কিছু স্থিমিত হয়ে পড়ে। এবার নতুন সংবাদ দিল ব্রাজিলিয়ান মিডিয়া। তাদের দাবি, নেইমার নাকি আগামী মৌসুমে পিএসজিতে যাবেন বলে জাতীয় দলের সতীর্থদের জানিয়েছেন।
নেইমারকে ন্যু-ক্যাম্পে ধরে রাখার লক্ষ্যে তার সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি করেছে বার্সেলোনা। এমনকি কোনো ক্লাব যেন তাকে টানতে না পারে সেই লক্ষ্যে ২২২ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ বেঁধে দেয় কাতালানরা। পিএসজি সেই অর্থ দিয়েও নেইমারকে নিতে রাজি বলে জানিয়েছে ফ্রান্স এবং স্পেনের বেশ কয়েকটি পত্রিকা। তবে এবার জানা গেল নতুন তথ্য।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি, নেইমার নাকি পিএসজির ব্রাজিলিয়ান সতীর্থ দানি আলভেজ, থিয়াগো সিলবা, মার্কুইনোস এবং লুকাস মৌরাকে বলেছেন, আগামী মৌসুমে তিনি ফ্রান্সে তাদের সঙ্গে মিলিত হবে। চলতি দলবদলে জুভেন্টাস থেকে আলভেজ পিএসজিতে যোগ দেয়ার পরপরই নেইমারের ফ্রান্সে যাওয়ার গুঞ্জন আরো বেশি জোরালো হয়।
গুঞ্জনের মুখে নেইমারও বার্সেলোনাকে ইতিবাচক সংবাদই দিয়েছেন। গোল ডটকমের সঙ্গে ই-মেইল বার্তায় ব্রাজিলের নাম্বার টেন জানিয়েছেন, তিনি ন্যু-ক্যাম্পে সুখেই আছেন। নতুন মৌসুমকে সামনে রেখে নিজের পরিকল্পনার কথাও জানান তিনি। তবে নেইমারের ছায়া থেকে বেরিয়ে আসা কিংবা অর্থের ঝনঝনানির কারণে নেইমারকে পিএসজিতে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
জুলাই ২০১৭/রুমকী
























































