শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সন্ত্রাস-জঙ্গিবাদ বরদাশত করা হবে না : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘ইসলাম ধর্ম নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। ইসলাম ধর্ম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বরদাশত করা হবে না।’

আজ শনিবার রাজধানীর আশকোনার হজ ক্যাম্পের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘নিরীহ মানুষকে মারার অধিকার কারো নেই। আর আত্মঘাতী হওয়া ধর্মের কোথাও উল্লেখ নেই। ধর্মের নামে যারা বিপথে যাচ্ছেন দোয়া করি তারা যেন সুপথে ফিরে আসেন।’

হজ মিশনকে আরো শক্তিশালী করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘হজ নীতি আরো উন্নত করা হয়েছে। সৌদিতে হাজিদের অবস্থান জানার সুযোগ উন্নত হয়েছে। হজ যাত্রীদের রেজিস্ট্রেশন ডিজিটালাইজড করা হয়েছে। হজযাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় তার ব্যবস্থা করা হয়েছে।’

তিনি বলেন, ‘গুটিকতক ভ্রান্ত ধারণার মানুষের কারণে আজ গোটা মুসলিম উম্মাহ বিপদে আছে। তারা ইসলামকে ভুলভাবে ‍উপস্থাপন করছে। এ কারণে শান্তির ধর্ম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণার সৃষ্টি হচ্ছে। আজ সারা বিশ্বে মুসলমানদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। তাদের ওপর হামলার ঘটনাও ঘটছে।’

প্রধানমন্ত্রী তার বক্তব্যে হজযাত্রীদের জন্য তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি। হজ ব্যবস্থাপনার সফলতার ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমি অনেক বার হজ ও ওমরা করেছি। আমার দাদা-দাদি, নানা-নানি, বাবা-মাসহ সবার জন্য বদলি হজ করিয়েছি। আমি যতবার হজে গেছি সবসময় হজযাত্রীদের সমস্যা কী সেটা জানার চেষ্টা করেছি। হজের সময় আমি মিনার তাঁবুতে ঘুরে ঘুরে সার্বিক অবস্থা দেখেছি।’

পূর্বাশানিউজ/২২ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি