বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জীবিত হজযাত্রীকে মৃত দেখানোয় ওসির ক্ষমা প্রার্থনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জীবিত এক হজযাত্রীকে প্রতিবেদনে মৃত দেখানোর ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদার।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে রবিবার তিনি এ ক্ষমা প্রার্থনার আবেদন করেন। আদালত বেলা ২টায় শুনানির জন্য সময় নির্ধারণ করেন।

ওসির পক্ষে শুনানি করেন আইনজীবী শাহরিয়া কবির বিপ্লব। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. কায়সার জাহিদ ভূঁইয়া।

ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে আইনজীবী শাহরিয়ার কবির বিপ্লব সাংবাদিকদের বলেন, পুলিশ সুপার মোট ১৯৯ জনের পুলিশ প্রতিবেদনের জন্য আখাউড়ার ওসির কাছে পাঠান। ওসি আবার ১০ জন এসআই ও একটি ফাঁড়িকে দায়িত্ব দেন। সবাই রিপোর্ট দিলে এস আই আবুল কালাম আজাদ টেলিফোনে কম্পিউটার অপারেটরকে প্রতিবেদন দেন। যেখানে একজন মৃত ও আরেকজনের বিষয়ে দুটি মামলা আছে বলে উল্লেখ করেন। কিন্তু অপারেটর যার বিরুদ্ধে মামলা আছে তার স্থলে মৃত ব্যক্তির বিষয়টি উল্লেখ করেছেন।

কায়সার জাহিদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার বাসিন্দা আজাদ হোসেন ভূঞা হজে যাওয়ার জন্য সব কাজ সম্পন্ন করেছেন। ১৮ বা ২৯ জুলাই তার ফ্লাইট হওয়ার কথা। কিন্তু গত ২০ জুন ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পুলিশ প্রতিবেদনে তাকে মৃত বলে দেখতে পাওয়া যায়।

রিটের বিষয়ে তিনি বলেন, হাইকোর্টে রিট করার পর গত ১৭ জুলাই আদালত ওসিকে তলব করে রুল জারি করেন। একইসঙ্গে ২৩ জুলাই হাইকোর্টে হাজির হয়ে ওসিকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। রুলে পুলিশ প্রতিবেদনে জীবিত ব্যক্তিতে মৃত দেখানো কেন বেআইনি হবে তা জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্র, ধর্ম, আইজিপি, ব্রাহ্মণবাড়িয়া এসপি ও আখাউড়া থানার ওসিকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

পূর্বাশানিউজ/২৩ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি