
পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশের আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যারা ভাবেন তাদের মনে একটু টালমাটাল ভাব ফুটে উঠছে। রাজনৈতিক অঙ্গনে বেশ চাঞ্চল্য দেখা যাচ্ছে। একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশার বিপরীতে শঙ্কাও ক্রমেই ঘনীভূত হচ্ছে। গত দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও মিত্ররা অংশগ্রহণ করেনি। নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে মাঠে নেমেছিল ফলে একদিকে সহিংসতা মাত্রা ছাড়িয়েছিল অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যা উঠেছিল সর্বোচ্চে। ১৫৪ জন প্রার্থীর বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। পূর্বনির্ধারিত ফলাফল জেনে মানুষের মনে ভোট দেবার আগ্রহ যেমন কম ছিল ঠিক তেমনি সহিংসতার আশঙ্কায় ভীত হয়ে ভোটার উপস্থিতি আশানুরূপ ছিল না। নির্বাচন প্রতিহত করার হুমকি থেকে জন্ম নেয়া অনিশ্চয়তাই সবচেয়ে বড় শঙ্কার কারণ ছিল। নির্বাচনের দিনেই সহিংস কর্মকাণ্ডে ২১ জনের প্রাণহানি ঘটেছিল। কাঙ্ক্ষিত নির্বাচনী পরিবেশ না থাকার পেছনের রাজনীতিও কারণ, রাজনৈতিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষার অপরিহার্যতা বিবেচনায় না নিয়েই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে দেশে-বিদেশে ওঠা প্রশ্নের পেছনের উদ্দেশ্য নির্মোহ ও নির্ভেজাল ছিল না।
প্রশ্নাতীত নির্বাচন না হবার কারণে গ্রহণযোগ্যতার ঘাটতি থেকে নির্বাচিত সরকার টিকে থাকতে পারবে না বলে অনেকেই ধারণা করেছিলেন। বিএনপি ও তার মিত্রদের কৌশলে প্রতিভাত হয়েছিল যে সরকারের পতন ঘটিয়ে নতুন নির্বাচন হলে স্বভাবতই নির্বাচনের রায় তাদের পক্ষে যাবে। এই পুরোনো কৌশলকে পুঁজি করে গড়ে ওঠা রাজনীতি থেকে নির্বাচন বর্জনকে হাতিয়ার বানিয়ে রাজনৈতিক ফায়দা নেবার কৌশল সার্থকতার মুখ দেখেনি। গণ-আন্দোলনের নামে মানুষ পোড়ানোর কৌশল সরকারের পতন ঘটাতে সমানভাবে ব্যর্থ হয়েছে। জামায়াতে ইসলামী দলের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা প্রতিনিধিত্বমূলক নির্বাচন অনুষ্ঠানের বিপক্ষে অনুঘটক হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার এবং শীর্ষ নেতাদের ফাঁসি ঠেকানোর সহিংস রাজনৈতিক কৌশল যুক্ত হয়ে এক জটিল পরিবেশের জন্ম দিয়েছিল বাংলাদেশের রাজনীতির আকাশে।
২০১৯ সালের ২৯ জানুয়ারিতে চলতি সংসদের মেয়াদ শেষ হয়ে যাবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সালের ৩০ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৭ জানুয়ারির মধ্যে যে কোনো দিন অনুষ্ঠিত হতে হবে। নতুন নির্বাচন কমিশন ইতোমধ্যে দায়িত্ব নিয়েছেন এবং গত ১৬ জুলাই তারিখে নির্বাচনী রোড ম্যাপ প্রকাশ করেছেন। সাতটি বিষয়ের উপর ভিত্তি করে জনসম্মুখে তাদের কর্মপরিকল্পনা স্বচ্ছভাবে উপস্থাপন করেছেন। কর্মপরিকল্পনার বিষয় এবং পদ্ধতির ভেতর তেমন কোনো ত্রুটি দেখা না গেলেও বিরোধীরা একে সরকারি দলকে পুনরায় ক্ষমতায় আনার নীলনকশা হিসাবে দেখছেন। নির্বাচন কমিশনকে শক্তি জোগানোর বদলে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার চেষ্টা করেছেন। নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থাপনার জন্য দায়বদ্ধ। নির্বাচন কমিশন ব্যতিরেকে নির্বাচন সম্ভব নয়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা ও ক্ষমতার উপর অধিক গুরুত্ব দেয়া উচিত। নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়ে তার দায়বদ্ধতা ও প্রায়োগিক ক্ষমতা আরো বাড়িয়ে তোলা উচিত সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। রোড ম্যাপে দেয়া সাতটি বিষয় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ভোটার লিস্ট নবায়ন ও সীমানা নির্ধারণের মতো নৈমিত্তিক কাজ ছাড়াও লেভেল প্লেয়িং ফিল্ড থেকে শুরু করে সবার সাথে আলোচনা এবং নির্বাচনী আইন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিঃসন্দেহে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সহায়ক হবে।
নির্বাচনের বাইরে রাজনীতির গোপন এজেন্ডা নিয়ে পথ চলার চেয়ে স্বচ্ছভাবে জনসম্পৃক্ত রাজনীতি ও রাজনৈতিক প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার পক্ষে কাজ করলে বাংলাদেশ অস্থায়ী বা নির্বাচনের এডহক প্রক্রিয়া থেকে মুক্তি পাবে। স্বাধীনতার ৪৫ বছর পার হলেও একটি স্থায়ী রাজনৈতিক প্রক্রিয়া না দেখতে পেয়ে জনগণ হতাশ। সাংবিধানিকভাবে স্থায়ী প্রক্রিয়া তৈরি হলেও রাজনৈতিক সমঝোতার অভাবে দেশ হোঁচট খাচ্ছে বারে বারে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এ দেশের সবকিছুই ঘটতে থাকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে। তখন সামরিক জান্তারা উপর্যুপরি হ্যাঁ-না ভোট আয়োজন, ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন এবং মিডিয়া ক্যুর নির্বাচন অনুষ্ঠান রাজনৈতিক প্রক্রিয়াকে জটিল থেকে জটিলতর করে তোলে। ১৯৯৬ সালের মার্চে আবারও গণঅভ্যুত্থানের মুখে ১৫ ফেব্রুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের পতন ঘটলে ‘তত্ত্বাবধায়ক সরকার’ নামের এমন এক বিধান তৈরি হয়, যা গণতান্ত্রিক রাষ্ট্রতত্ত্বকে আঘাত করে। তখন থেকে তত্ত্বাবধায়ক সরকারের সময়টুকু হয়ে উঠল বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর অ্যাকিলিস হিল। এই দুর্বল গ্রন্থি দিয়েই একের পর এক ঢুকে পড়তে থাকল দেশি-বিদেশি নানাবিধ ষড়যন্ত্রের স্কিম। তত্ত্বাবধায়ক সরকারের বিধানটির অন্তর্নিহিত দুর্বলতার চরম রূপ ধরা পড়ল ২০০৭ সালে, যখন তত্ত্বাবধায়ক সরকারের নামে একদল আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্রীড়নক দেশের দুই প্রধান নেত্রীকে জেলে পুরে, রাজনৈতিক দলগুলোকে ভেঙে দিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা চিরদিনের জন্য দখল করার চেষ্টায় লিপ্ত হলো। এসব ভয়াবহ ঘটনার প্রেক্ষাপটে সর্বোচ্চ আদালত দেশের সংবিধানের মৌলিকতম ধারাটি পুনর্বহালের পক্ষে রায় দেন, যেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, এ দেশের রাষ্ট্রক্ষমতার মালিক জনগণ, যা এক মুহূর্তের জন্যও অনির্বাচিত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার কোনো সুযোগ নেই। তার আলোকেই তদানীন্তন সংসদ ১৯৭২ সালে প্রণীত মূল সংবিধানে ফিরে গিয়ে নির্বাচনকালীন সহায়ক সরকার হিসেবে নির্বাচিত সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিধান চালু করে।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ নিঃসন্দেহে খুব জরুরি। নির্বাচনী ব্যবস্থাপনার পূর্ণ দায় নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের উপর অর্পিত ক্ষমতায় ঘাটতি নেই। তফসিল ঘোষণার পর সরকারের প্রশাসনিক ক্ষমতার একটি বড় অংশ নির্বাচন কমিশনের হাতে চলে আসে। অন্যান্য সব দেশে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনকে তাদের মতো করে ব্যবহার করে। সরকারের সহযোগিতা আশানুরূপ না হলেও নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের স্বার্থে কমিশন স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করে। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাসীন সরকারকে ক্ষমতার বাইরে থাকা দলগুলো কখনই আস্থায় নিতে পারেনি। সরকারকে নির্বাচনী দায়িত্বের বাইরে রেখে রাজনৈতিক প্রক্রিয়া স্থায়ীভাবে রচনা করার পরিবর্তে একদল রাজনীতিবিদের নির্বাচনকালীন সময়ে অনির্বাচিত সরকারের প্রতি বিশেষ আসক্তি দেখা যায়। রাজনীতির সাথে সরাসরি যুক্ত না থাকা সুশীল সমাজের একাংশ অতি নিরপেক্ষ চরিত্রের অধিকারী হয়ে মহামানব রূপে ক্ষমতায় বসার দিবাস্বপ্নে মশগুল থাকেন। রাষ্ট্রের মালিকানা তত্ত্বের নিজস্ব ব্যাখ্যা নিয়ে মাঠে থাকেন। বিদেশি বন্ধুরাও এদের সাথে কাজ করতে বেশ স্বস্তি বোধ করেন। রাষ্ট্রের মালিক জনগণ এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের পক্ষে ক্ষমতায় আসীন হন। অনির্বাচিতরা যতই মহামানব হোক না কেন তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা প্রতি মুহূর্তের জন্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মূল ধারণার বিপক্ষে। তবুও নিরপেক্ষতার নামে রাজনৈতিক প্রক্রিয়ায় নির্বাচনকালীন সময়ে বিশেষ ধরনের অনির্বাচিত সরকারের উপর অতিরিক্ত প্রীতি বাংলাদেশের রাজনীতিতে দীনতা তৈরি করেছে। স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও একটি স্থায়ী নির্বাচনকালীন রাজনৈতিক প্রক্রিয়া স্থাপনে অসমর্থ বাংলাদেশের রাজনীতি। ফলে জাতীয় নির্বাচনের পূর্বে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা মানুষের ভোটাধিকার প্রয়োগের উত্সাহকে বানে ভাসিয়ে দেয়। তার পেছনের কারণ খুঁজতে গেলে ’৭৫-এর আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতাকে রুদ্ধ করার অসাংবিধানিক ও সহিংস রাজনীতিকে চিহ্নিত করা হয়। নির্বাচন গণতন্ত্রের একমাত্র উপাদান নয় কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্রের সুষ্ঠু চর্চা সম্ভব নয়। উন্নতমানের নির্বাচনের উপর গণতন্ত্রের অবয়ব তৈরি হয়। রাষ্ট্রের মৌলিক ভিত্তির সাথে সঙ্গতিপূর্ণ সংবিধানের আলোকে তৈরি রাজনৈতিক প্রক্রিয়াকে অবজ্ঞা করে অস্থায়ী ব্যবস্থা স্থাপন সংকটের সাময়িক উপশম দিলেও সুদূর ফলাফল গণতন্ত্রের অনুকূলে যায় না এবং বিভিন্ন স্বার্থান্বেষী মহলকে ক্ষমতালিপ্সু করে তোলে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে বাংলাদেশের জনগণ হাড়ে হাড়ে অনুভব করেছে।
বাংলাদেশের রাজনীতিতে ইতোমধ্যে নির্বাচনী চাঞ্চল্য শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। মনোনয়ন পেতে দলের প্রার্থীরা সক্রিয় হয়ে উঠেছেন। নির্বাচনী এলাকায় তাদের যাওয়া-আসা বেড়েছে, জনসংযোগ চলছে জোরগতিতে। নির্বাচন কমিশন ইতিমধ্যে রোড ম্যাপের নামে তাদের কর্মপরিকল্পনার রূপকল্প দিয়েছে। নির্বাচন কমিশনের রূপকল্প নিয়ে বিরোধী দলের তেমন মাথাব্যথা নেই। সহায়ক সরকারের দাবি নিয়েই বেশি মাতামাতি দেখা যাচ্ছে যা প্রচলিত রাজনৈতিক প্রক্রিয়ার গতিশীলতাকে শ্লথ করে দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনাকে শঙ্কায় ফেলে দিয়েছে। মানুষের মনের নির্বাচনী উদ্দীপনাকে নির্জীব করেছে। যদিও সহায়ক সরকারের রূপরেখা এখনো দেয়া হয়নি এবং রাষ্ট্রবিজ্ঞানেও এ বিষয়ে স্পষ্ট ধারণা নেই। ফলে মানুষের মধ্যে বেশ হতাশা লক্ষ করা যাচ্ছে। নির্বাচনী আমেজ যেন শরতের মেঘের মতো হালকাভাবে ভেসে বেড়াচ্ছে।
প্রতিদ্বন্দ্বিতা ও বহুদলীয় অংশগ্রহণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের শুধু পূর্বশর্ত নয়, আবশ্যকীয়ও বটে। নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন সব দলের অংশগ্রহণ নির্বাচনে সুস্থ প্রতিযোগিতার জন্ম দেয়, ভোটারদের আগ্রহ বাড়ে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকের নজরদারিতা থেকে সৃষ্ট চাপ নির্বাচন কমিশনসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনকে বেশি দায়বদ্ধ করে তোলে, ফলে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার গভীরতা সম্ভাবনাকে তীব্র করে। আস্থার পরিবেশ থেকে জবাবদিহিতা ও দায়বদ্ধতার জন্ম দেয়। অন্যদিকে নির্বাচন বর্জন চাপ সৃষ্টির কৌশলে পরিণত হলে রাজনৈতিক অচলাবস্থা তৈরির সম্ভাবনা বেড়ে যায়। বিএনপি এবং তাদের মিত্র দলগুলো ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচন বয়কট করেছিল। নির্বাচন প্রতিনিধিত্বমূলক হয়নি বলে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি অকালে ঝরে পড়েছে। নির্বাচন বয়কটের রাজনৈতিক লক্ষ্য অর্জিত হয়নি বরঞ্চ দলের সংহতি ধাক্কা খেয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে কিছুটা গতি সঞ্চারিত হলেও তা টেকসই হয়নি। সংগঠনের অভ্যন্তরেও দলের রাজনৈতিক কৌশল নিয়েও অনেক সমালোচনা হয়েছে। আগামী সাধারণ নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা যত না প্রশ্নবিদ্ধ হবে তার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে দলীয় কৌশল। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন বর্জনের ঝুঁকি অনেক। নির্বাচনে নিশ্চিত পরাজয় আঁঁচ করতে পারলেই কেবল নির্বাচন এড়াতে বর্জনের অজুহাত তৈরি হয় এবং বিকল্প হিসাবে অনাকাঙ্ক্ষিত সহিংস পথই খোলা থাকে।
নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নির্বাচনী কৌশলে গণতন্ত্রের মূল্যবোধ ও রাজনৈতিক প্রক্রিয়াকে সমুন্নত রাখার আন্তরিক সদিচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচনের ফলাফলকে সহজ ও সাবলীলভাবে মেনে না নেয়ার পেছনে নির্বাচনী কৌশলের ঘাটতি ও শীর্ষ নেতৃত্বের অসমর্থতাকে ঢেকে রাখার লক্ষ্যই বেশি কাজ করে। দল পরিচালনা ও নির্বাচনী ক্যাম্পেইনের ভুলভ্রান্তির দায় এড়াতে ফল না মানার সংস্কৃতি তৈরি হয়েছে। সব দেশেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠলেও ফলাফল মেনে নেয়া হয় নির্দ্বিধায়। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকারের কাঠামো খুঁজতে হবে সংবিধানে সন্নিবেশিত করেই এবং রাজনৈতিক প্রক্রিয়াকে স্থায়ী রূপ দিয়েই সামনে এগুতে হবে। ঠেকা দিয়ে গণতন্ত্রকে পোক্ত করা যাবে না। প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য রাজনৈতিক দল, সরকার, নাগরিক সমাজ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে একযোগে ভূমিকা পালন করতে হবে। যেকোনো পক্ষ সামান্যতম নিষ্ক্রিয় হয়ে পড়লেই নির্বাচন কাঙ্ক্ষিত ফল লাভে সক্ষম হবে না।
২৫ জুলাই, ২০১৭ ইং/ Choity.

























































