শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে ভিসা বন্ধের হুমকি!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবার ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে ভিসাকে হাতিয়ার করার সিদ্ধান্ত নিয়েছে। ইইউ প্রায় দেড় বছর ধরে নানাভাবে সরকারকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ফলে ভিসার ওপর কড়াকড়ির বিষয়টিকে বিশেষভাবে বিবেচনায় নিয়ে আগামী সেপ্টেম্বরে ইইউর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ইইউ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের থেকে এ তথ্য জানা গেছে।

যদিও দুই পক্ষের কাছ থেকে অবৈধ বাংলাদেশিদের সংখ্যা নিয়ে সুস্পষ্ট ধারণা মেলেনি। একদিকে ইইউ বলছে, এই সংখ্যা ৮০ হাজার। অন্যদিকে বাংলাদেশ দাবী করছে, এটা অনুমাননির্ভর সংখ্যা। এর আগে ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান দপ্তর ইউরোস্টেটের পরিসংখ্যানে বলা হয়েছিল, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৯৩ হাজার ৪৩৫ জন বাংলাদেশি ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশ করেছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন ৮ হাজার ৪৩৬ জন বাংলাদেশি। আর ২০১৬ সালে গিয়েছিলেন ৮ হাজার ১৩১ জন।

এদিকে ইউরোপের বিভিন্ন দেশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ হাজার ২১৫ জন বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। এদের মধ্যে ১১ হাজার ৭১৫ জনের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত ইউরোপে অবৈধ হওয়ার পর দেশে ফিরতে সাড়ে ৪ হাজার বাংলাদেশিকে দেশে ফেরার অনুমতিপত্র দেওয়া হয়। এদের মধ্যে ৩ হাজার ৩০০ অনুমতিপত্র দেওয়া হয়েছে যুক্তরাজ্য থেকেই।

ইতালির কর্তৃপক্ষ বাংলাদেশকে জানিয়েছে, দেশটির উপকূলে আটক এসব লোক লিবিয়া থেকে ভূমধ্যসাগর পেরিয়ে ইতালিতে গেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপ পাড়ি জমানো লোকজনের শীর্ষে আছেন বাংলাদেশের নাগরিকেরা।

সাম্প্রতি অবৈধ লোকজনকে ফেরত পাঠানোর লক্ষ্যে গত জুনে বাংলাদেশের কাছে এসওপির একটি খসড়া দিয়েছিল ইইউ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে কয়েক দফা আলোচনার পর এ বছরের জুনে দেশের অবস্থান চূড়ান্ত করে খসড়ার ব্যাপারে ১২ জুলাই ব্রাসেলসে যৌথ কমিশনের বৈঠকে বাংলাদেশের মতামত তুলে ধরে।

এ নিয়ে মতপার্থক্য থাকায় শেষ পর্যন্ত রীতি অনুযায়ী যৌথ বিবৃতি প্রচার হয়নি। কমিশনের বৈঠকের এক দিন পর প্রচারিত বিজ্ঞপ্তিতে ইইউ জানায়, অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে নিতে এসওপি চূড়ান্ত করার আলোচনা জুলাইয়ের মধ্যে শেষ করতে বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখবে ইইউ। এরপর ইইউ নতুন বিধিনিষেধ আরোপ করে সংশোধিত এসওপি পাঠায় বাংলাদেশের কাছে। এই পরিস্থিতিতে ২৫ জুলাই অবৈধ বাংলাদেশিদের ইউরোপ থেকে ফেরানোর বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে এ বিষয়ে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেন, ‘ব্রাসেলসে যৌথ কমিশনের বৈঠকে বাংলাদেশ এসওপির ব্যাপারে যে পাল্টা প্রস্তাব দিয়েছে, সেটিকে ইতিবাচক মনে করি। কারণ, বিষয়টি নিয়ে গত বছরের এপ্রিল থেকে কথা হচ্ছে।’ তিনি বলেন, ‘দুই সপ্তাহ ধরে এ বিষয়ে যে অগ্রগতি হয়েছে, তাতে বিষয়টি সুরাহার জন্য আমাদের আর এক বছর লাগবে না। কয়েক সপ্তাহের মধ্যে এটি চূড়ান্ত হবে বলে আশা রাখি।’

মো. শহীদুল হক বলেন, বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বজুড়ে একটি নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব করেছে। বৈধ অভিবাসন প্রক্রিয়া সুরক্ষায় বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। কাজেই ইউরোপে অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশের লোকজনকে ফেরানোর প্রক্রিয়া চূড়ান্ত করার ব্যাপারে খুব শিগগির ইইউর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই আলোচনা হতে পারে।

পূর্বাশানিউজ/২৮ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি