
আহামরি কোনো ছবি নয়; তবু দাম উঠল ২৯ হাজার ডলার। কারণ একটাই- এটি এঁকেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের আঁকা ওই ছবি নিলামে ২৯ হাজার ১৮৪ ডলারে বিক্রিরখবর দিয়েছে বিবিসি।
ছবিটি নিউইয়র্ক শহরের ম্যানহাটানের, যেখানে দৃষ্টিসীমায় উঁচু উঁচু ভবনগুলোই মুখ্য; আর তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে ট্রাম্প টাওয়ার। প্রেসিডেন্ট ট্রাম্পের এ ছবি ইদানীংকালের নয়, ২০০৫ সালে তিনি এটি এঁকেছিলেন দাতব্য কাজের নিলামের জন্য। কিন্তু তখন তা নিলামে ওঠেনি।
সম্প্রতি লস অ্যাঞ্জেলসভিত্তিক নিলামঘর ন্যাট ডি স্যান্ডার্স ছবিটি নিলামে তোলে এবং তাতে আশাতীত সাড়া পাওয়া যায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার মাইকেল ক্রিক। নিলামে ছবিটির ডাক শুরু হয়েছিল ৯ হাজার ডলার থেকে, তা থেকে দর চড়তে চড়তে ১১তম ডাকে দাম ২৯ হাজার ডলার ছাড়ায়।
জুলাই ২০১৭/রুমকী
























































