শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্ষেপণাস্ত্র রুখে দিলো থাড!


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সফলভাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র থাডের পরীক্ষা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া আইসিবিএম-এর পরীক্ষা চালানোর একদিন পর এ পরীক্ষা চালানো হলো।

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা বা এমডিএ প্রধান জানিয়েছেন, রোববার প্রশান্ত মহাসাগরের উপরে এ পরীক্ষা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরের উপরে মার্কিন বিমান বাহিনীর সি-১৭ বিমান থেকে একটি মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। আলাস্কায় মোতায়েন থাড এটিকে শনাক্ত এবং ধ্বংস করে দেয়।

রোববার কোরিয় উপদ্বীপের আকাশে মার্কিন দুই বি-১ বিমানের যৌথ মহড়া চালানোর দিনটিতেই এ পরীক্ষা করা হয়। পিয়ংইয়ংয়ের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পরীক্ষাকে কেন্দ্র করে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এ মহড়া চালানো হয়েছে।

এর আগে উত্তর কোরিয়া আইসিবিএম পরীক্ষার পর উচ্ছ্বাস প্রকাশ করে বলেছে, এর মাধ্যমে দেশটির ওপর হামলা চালানোর হুমকি থেকে সরে আসবে আমেরিকা।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শুক্রবার রাতের ওই পরীক্ষার মাধ্যমে আমেরিকাকে এ কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে, পিয়ংইয়ংয়ের ওপর হামলা চালানোর যে ‘বোকামিপূর্ণ স্বপ্ন’ ওয়াশিংটন দেখত তা থেকে বেরিয়ে আসতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের অব্যাহত হুমকির কারণে এ পরীক্ষা চালাতে বাধ্য হয়েছে উত্তর কোরিয়া। এ ধরনের হুমকির কারণেই দেশটি নিজের সমরাস্ত্র কর্মসূচি শক্তিশালী করেছে বলেও বিবৃতিতে জানানো হয়।

ট্রাম্প গত শুক্রবার উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়ে বক্তব্য রাখেন। সেইসাথে তিনি চীনকে উদ্দেশ করে বলেন, উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণ করার যে প্রতিশ্রুতি বেইজিং দিয়েছিল তা দেশটি বাস্তবায়ন করছে না।

এই হুমকির কয়েক ঘণ্টা পর উত্তর কোরিয়া ১০ হাজার কিলোমিটারের বেশি পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে জানায়, গোটা মার্কিন যুক্তরাষ্ট্র এখন পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র হামলার আওতায় চলে এসেছে।

উত্তর কোরিয়া দৃশ্যত এ পরীক্ষার মাধ্যমে মার্কিন কংগ্রেসে পাস হওয়া পিয়ংইয়ং বিরোধী নিষেধাজ্ঞারও জবাব দিয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশটির ওপর চাপ প্রয়োগের নীতি থেকে ওয়াশিংটনকে সরে যেতে হবে।

এ ছাড়া, বিবৃতিতে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অর্থহীন বক্তব্য দেয়া থেকে মার্কিন কর্মকর্তাদের বিরত থাকারও আহ্বান জানানো হয়।

পূর্বাশানিউজ/৩১ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি