শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ছাগলও মরেনি, মানহানিও হয়নি’


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, তার বিতরণ করা ছাগল মারা যায়নি। তাই এতে তার মানহানি হয়েছে বলেও মনে করেন না তিনি। প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়ার খবর ফেসবুকে শেয়ার করায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় স্থানীয় এক সাংবাদিককে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় সমালোচনার ঝড় উঠে।

এ বিষয়ে  এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী নিজের অবস্থান তুলে ধরেন।

খুলনার স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক আবদুল লতিফ মোড়লের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি করেছিলেন স্থানীয় আরেক সাংবাদিক সুব্রত কুমার ফৌজদার।

তবে ওই নিউজ শেয়ার করায় তার মানহানি হয়েছে বলে মনে করেন না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সেটা আমি মনে করি না। আমার কাজ ঠিক থাকলে এতে কিছু আসে-যায় না।’

তার বিতরণ করা ছাগল মারা যায়নি দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো সবগুলি ছাগল দেইনি। আমি যেটা দিয়েছি সেটা মারা যায়নি। মারা গেছে অন্য একটা ছাগল।’

এ রকম একটা মামলায় একজন সাংবাদিককে গ্রেফতার করা কতটুকু যৌক্তিক হয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘যৌক্তিকতা… এ বিষয় সম্পর্কে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলেছি। যারা মামলা করেছে তারা তাদের দৃষ্টিকোণ থেকে করেছে- সেটা তো তাদের ব্যাপার। আমি তো কিছু বলতে পারব না।’

আইনি সুযোগ থাকলে এটা ‘মিট আপ’ করার ব্যাপারে উদ্যোগ নিতে পারেন বলে আভাস দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘লিটিগেশন মিটে’ গেলেই সবচেয়ে ভালো।

সোমবার দিবাগত গভীর রাতে স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক আবদুল লতিফ মোড়লকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আবদুল লতিফের মেয়ে মেহনাজ রেজা মিম্মা বলেন, ‘রাত আড়াইটার দিকে আমার আব্বুকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। পুলিশ ছিল, আমাদের ডুমুরিয়া থানার ওসি ছিল, আরও ২০/৩০ জনের মত মানুষ এসেছিল। দেয়াল টপকে তারা ঢোকে।’

তিনি বলেন, ‘তারা আমার রুমেও জোরে জোরে নক করে। আমি জানতে চাই ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন। তখন আমাকে বাজেভাবে বলা হয়- কোথায় নিয়ে যাচ্ছি সেটা আপনার মায়ের কাছ থেকে জেনে নিয়েন।’

পুলিশ ও স্থানীয়রা জানায়, এফসিডিআই প্রকল্পের আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র সম্প্রতি ডুমুরিয়ায় ছাগল বিতরণ করেন। এর মধ্যে এক ব্যক্তির ছাগল মারা গেলে নিউজ করে নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন আবদুল লতিফ মোড়ল।

পূর্বাশানিউজ/0২ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি