শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিব্রত আওয়ামী লীগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৭


ডেস্ক রিপোর্ট :

অস্বস্তিতে পড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অকারণে ৫৭ ধারায় মামলা, দলীয় নেতাকর্মীদের নেতিবাচক আচরণ ও বিতর্কিত কর্মকা-ে এ অস্বস্তি। একের পর এক এ ধরনের ঘটনায় জনমনে সঞ্চারিত হচ্ছে ক্ষোভ, ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের। প্রতিটি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও এসবের পুনরাবৃত্তি ঠেকাতে না পারায় বিব্রত দলটির নীতিনির্ধারকরা।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, বরগুনার ইউএনওর নামে মামলা, বগুড়ায় কিশোরীকে ধর্ষণ এবং ধর্ষিতা ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় প্রচ- চটেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে কড়া ব্যবস্থা নিতে তিনি সরকার ও দল দুই পক্ষকেই নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকেও বিষয়গুলো নিয়ে কথা বলেছেন শেখ হাসিনা। নাম প্রকাশে অনিচ্ছুক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক নেতা বলেন, আগামী নির্বাচনের আগে এ ধরনের ঘটনা নিয়ে চিন্তা দেখা দিয়েছে দলে।

সাম্প্রতিক এসব ঘটনায় দল ও সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লাহ। তিনি আমাদের সময়ের সঙ্গে আলাপকালে গতকাল বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য আমরা দল ও সরকার থেকে ব্যবস্থা নিচ্ছি। আমরা কিন্তু বসে নেই। বগুড়ায় ধর্ষণের ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। ওই ছেলেকে শ্রমিক লীগ থেকে বহিষ্কার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, এখন বিচার চলছে।

বরগুনার ইউএনওর নামে মামলার বিষয়ে তিনি বলেন, একটা বাচ্চা যদি আমার ছবি আঁকে সেটা তো আর নিখুঁত হবে না। বিষয়টি নিয়ে আমাদের দলের যারা মাতামাতি করেছে তারা শাস্তি পেয়েছে। কাজী জাফরউল্লাহ গণমাধ্যমের কাছে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে বলেন, আমাদের সরকারের এত এত উন্নয়নমূলক কর্মকা-। কিন্তু দেখা যায়, সরকারের উন্নয়ন কর্মকা-ের চেয়ে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ফলাও করে প্রচারেই গণমাধ্যমগুলো বেশি আগ্রহী।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এ বিষয়ে বলেন, বগুড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগে কোনো অপরাধীর ঠাঁই নেই।

সম্প্রতি বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ওবায়েদউল্লাহ সাজুর করা মামলায় হেনস্তার শিকার হন বরগুনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমান। বরিশালের আগৈলঝাড়া উপজেলার দায়িত্বে থাকা অবস্থায় শিশুদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন তিনি। প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় হওয়া শিশুদের আঁকা ছবি ব্যবহার করে ২৬ মার্চের আমন্ত্রণপত্রের নকশা করা হয়। ওই প্রতিযোগিতার থিম ছিল বঙ্গবন্ধু ও বাংলাদেশ। আমন্ত্রণপত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বিকৃত ছবি’ প্রকাশের অভিযোগ তুলে তারিক সালমানের বিরুদ্ধে মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সাজু। জামিনযোগ্য মামলায় বিচারক জামিনের আবেদন নাকচ করে তারিক সালমানকে কারাগারে পাঠান। একজন ইউএনওকে হাতকড়া পরিয়ে জেলে নিয়ে যাওয়ার দৃশ্য স্তম্ভিত করেছিল অনেক মানুষকেই। অসন্তোষ প্রকাশ করেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর আওয়ামী লীগের পক্ষ থেকে সাজুকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

এর পর বগুড়ায় ক্যাডার দিয়ে এক কিশোরীকে তুলে নিয়ে এসে ধর্ষণ করে স্থানীয় শ্রমিক লীগ নেতা তুফান সরকার। এর পর ধর্ষিতা ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেয় ধর্ষকের সহযোগীরা। ক্ষমতাসীন দলের নেতাদের এমন আচরণে হতবাক হয়ে পড়ে দেশের সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের। ঘটনার পরদিন দুপুরেই শ্রমিক লীগ থেকে বহিষ্কার করা হয় তুফানকে। এর পর গত মঙ্গলবার তুফানের বড় ভাই বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিন সরকারকেও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে এ ঘটনায় ফুঁসে উঠেছে সর্বস্তরের সাধারণ মানুষ। আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে ক্ষুব্ধ জনতা। গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। গতকালও বগুড়া ও পাবনায় মানববন্ধন হয়েছে।

বগুড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই খুলনার স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের অনুসারী আরেক ঘটনার জন্ম দেন। স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক আবদুল লতিফ মোড়লকে প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়ার খবর ফেসবুকে শেয়ারের কারণে ৫৭ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে লতিফের মেয়ে মেহনাজ রেজা মিম্মা জানান, মৎস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ছাগল বিতরণ করেছেন। সেই ছাগল ২৪ ঘণ্টার মধ্যে মারা গেছে। সকালে ছাগল বিতরণের পর রাতেই মারা গেছে। আমার বাবা সেই খবরের লিংকটা শুধু শেয়ার করেছেন। এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মো. আবদুল খালেক বলেন, প্রতিমন্ত্রী মহোদয়ের পক্ষে স্পন্দন নামে আরেকটি পত্রিকার সাংবাদিক সুব্রত রায় বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিষয়টি সুরাহা করার জন্য সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় প্রতিমন্ত্রীকে। সব শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সাংবাদিক এখন অন্তর্বর্তীকালীন জামিনে আছেন।
এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি গতকাল দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের বলেন, তুচ্ছ একটা ঘটনা ঘটল আর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হলো এটি ৫৭ ধারার অপপ্রয়োগ। খুলনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও তাকে গ্রেপ্তার করা তথ্যপ্রযুক্তি আইনের এ ধারার অপপ্রয়োগ। সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য ৫৭ ধারা করা হয়েছিল। কিন্তু তুচ্ছ কারণে এর অপপ্রয়োগ করা হচ্ছে কিনা, সেটি খতিয়ে দেখতে হবে।

৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্যে ক্ষমতাসীন দলের এমপিদের বিষয়ে জনগণের কাছে ভুল বার্তা পৌঁছেছে বলে মনে করেন দলের নেতারা। সাভারের এমপি এক সাক্ষাৎকারে জানান, সাভারের অনেক সন্ত্রাসীকে তিনি ক্রসফায়ারে দিয়েছেন। আর বাকি যারা আছে তাদের তালিকাও তার কাছে আছে। অনেক সন্ত্রাসী তার হাত-পায়ে ধরে বলেছে, তাদের যেন তিনি প্রাণে মেরে না ফেলেন। বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে। ডা. এনামুর রহমান ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদেও রয়েছেন। তাকে কেন দল থেকে বহিষ্কার করা হবে নাÑ তার কারণ দর্শানোর নোটিশও পাঠিয়েছে আওয়ামী লীগ।

০৩/০৮/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি