
পূর্বাশা ডেস্ক:
আট আগস্ট মঙ্গলবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাংকিং হালনাগাদ হয়েছে। আর এই র্যাংকিং অনুযায়ী অলরাউন্ডার র্যঙ্কিংয়ের রাজত্ব হারিয়েছেন সাকিব আল হাসান। তাকে সরিয়ে প্রথমবারের মতো টেস্ট অলরাউন্ডারের শীর্ষে উঠেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
ওয়ানডে ও টি-টোয়েন্টির পর গেল মার্চ মাসে সাদা পোশাকেও অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব। তবে শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজের পর আর সাদা পোশাকে মাঠে নামা হয়নি বাংলাদেশের। অপরদিকে টানা টেস্ট খেলে আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে তাকে টপকে গেলেন জাদেজা।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭০ রান করার পাশাপাশি দুই ইনিংসে সাত উইকেট নেন ভারতীয় অলরাউন্ডার। ব্যাটে-বলে সমান নৈপুণ্য দেখিয়ে কলম্বো টেস্টের ম্যাচসেরা হয়েছেন তিনি। র্যাংকিংয়ে আগেই দ্বিতীয়তে থাকা জাদেজা ৪৩৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠেছেন।
সদ্যই সিংহাসন হারানো সাকিবের বর্তমান পয়েন্ট ৪৩১। তবে চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে আবারও এক নম্বরে আসার সুযোগ রয়েছে বাংলাদেশের শীর্ষ এ অলরাউন্ডারের।
২০১৭/রুমকী
























































