শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধুকে নিয়ে ২২ হাজার পৃষ্ঠার দুর্লভ নথি এসবিতে


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৮.২০১৭


পূর্বাশা ডেস্ক:

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বঙ্গবন্ধুর জীবনের অনেক ঘটনার সাক্ষী স্পেশাল ব্রাঞ্চ। বঙ্গবন্ধুকে নিয়ে ২২ হাজার পৃষ্ঠার অসাধারণ দুর্লভ নথি রয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দুর্লভ নথি ডিক্লাসিফাইড করার নির্দেশ দিয়েছেন। কিছুদিনের মধ্যে জাতীয় আর্কাইভে এসব ঐতিহাসিক নথি হস্তান্তর করা হবে। সেখান থেকে বঙ্গবন্ধুকে নিয়ে আগ্রহী গবেষকদের গবেষণা করার দ্বার উন্মোচিত হবে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি-২০১৭ অনুষ্ঠানে এসব কথা বলেন ড. জাবেদ পাটোয়ারী। ডিআইজি (প্রশাসন) মীর শহীদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিআইজি (রাজনৈতিক) মাহবুব হোসেন ও বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) এ জেড এম নাফিউল ইসলাম। ওই রক্তদান কর্মসূচিতে স্পেশাল ব্রাঞ্চের ৬৪ জন বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা রক্তদান করেন। জাবেদ পাটোয়ারী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ সমার্থক। বঙ্গবন্ধুকে না জানলে বাংলাদেশকে জানা যাবে না। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সঙ্গে স্পেশাল ব্রাঞ্চের অনেক স্মৃতি রয়েছে।
ডিআইজি (প্রশাসন) মীর শহীদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার মাধ্যমে একটি জাতি, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়। তিনি প্রায় ১৪ বছর জেল খেটেছেন। বাঙালির স্বাধিকার, অর্থনৈতিক সমৃদ্ধি, শোষণ ও বঞ্চনাহীন স্বাধীন রাষ্ট্র বিনির্মাণই তার আদর্শ। ডিআইজি (রাজনৈতিক) মাহবুব হোসেন বলেন, একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে অরাজকতার মধ্যে নিমজ্জিত করতে চেয়েছিল। বর্তমান সরকার বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সে ষড়যন্ত্র প্রতিহত করে দেশকে উন্নতির দিকে ধাবিত করেছে।

আগস্ট ১১, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি