মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ট্রেলিয়ার ‘দুর্বল’ স্পিন আক্রমণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের কেন্দ্রে থাকবেন লাথান লিয়ন। ডান হাতি এই স্পিনার ভারতের বিরুদ্ধে সিরিজে নিয়েছিলেন ১৯ উইকেট।

সাম্প্রতিক অস্ট্রেলিয়ার সবচেয়ে কার্যকরী বোলার নাথান। ৬৭ টেস্টে তার উইকেট সংখ্যা ২৪৭। অভিজ্ঞ এই স্পিনারের ওপর ভর করেই বাংলাদেশ সফরের বোলিং আক্রমণ সাজাচ্ছে অস্ট্রেলিয়া। তবে লিয়নের সহযোগী হিসেবে থাকবেন অ্যাস্টন আগার ও মিচেল স্বেপসন।
লাথান লিয়ন পারফেক্ট— সেটা উপমহাদেশের উইকেটেই হোক কিংবা অন্য কোথাও। দারুণ বোলিং করে থাকেন। শেন ওয়ার্নের বিদায়ের পর অস্ট্রেলিয়া দলে সবচেয়ে কার্যকরী স্পিনার তিনি। যদিও কিংবদন্তি ওয়ার্ন ও তার বোলিং স্টাইল-ধরন সম্পূর্ণ বিপরীত। নাথান অফ স্পিনার আর ওয়ার্ন ছিলেন লেগ স্পিনার। তবে ওয়ার্নের মতো আগ্রাসী ভাবটা ঠিকই পেয়েছেন লিয়ন। তাই বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়ার প্রধান অস্ত্র এই স্পিনারই। দ্রুত উইকেট তুলে নিতে নাথানের জুড়ি নেই। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে সেরা শিকারি বোলার। উপমহাদেশের মাটিতেও দুর্দান্ত লাথান। কিন্তু প্রতিপক্ষকে স্পিন দিয়ে চাপে রাখতে হলে লাথানের একজন মনের মতো সঙ্গীও তো দরকার। নির্বাচকরা ২৩ বয়সী স্পিনার মিচেল স্বেপসনকে প্রথমবারের মতো সুযোগ দিয়েছেন। অস্ট্রেলিয়ার জার্সিতে এখনো অভিষেক হয়নি বাম হাতি এই স্পিনারের। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তার রেকর্ড ভালোই। ১৪ ম্যাচে নিয়েছেন ৪১ উইকেট। পেস কন্ডিশনে এই রেকর্ড একজন স্পিনারের জন্য মোটেও খারাপ নয়। তা ছাড়া স্বেপসনের বোলিং সম্পর্কে প্রতিপক্ষের কোনো ধারণা নেই। সবকিছু চিন্তা করেই স্বেপসনকে দলে নেওয়া হয়েছে।

বাম হাতি স্পিনার অ্যাস্টন আগারের অভিষেক হয়েছিল বছর চারেক আগে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন ভিক্টোরিয়ার এই বোলার। দুই ম্যাচের চার ইনিংসে বোলিং করে মাত্র দুই উইকেট নিয়েছিলেন। গড় ১২৪। এ কারণেই দল থেকে বাদ পড়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৪ ম্যাচ খেলে ১১৪টি উইকেট শিকার করেছেন তিনি। মাঝে মাঝে দারুণ ব্যাটিংও করেন অ্যাস্টন। তার ২ সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি আছে প্রথম শ্রেণির ক্রিকেটে। তাই সবকিছু চিন্তা করেই টিম ম্যানেজমেন্টে আগারকে আবার ফিরিয়ে এনেছে।

কিন্তু বাংলাদেশ সফরে নাথানকে কি যথাযথ সঙ্গ দিতে পারবেন আগার ও স্বেপসন? বিষয়টি নিয়ে বেশ চিন্তিত অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের অনেকেই। কারও কারও মতে, অস্ট্রেলিয়ার নির্বাচকরা বোলিং আক্রমণ নিয়ে ‘জুয়া’ খেলছেন!

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্বয়ং স্টিভেন স্মিথও স্পিন আক্রমণভাগ নিয়ে খুশি হতে পারেননি। দলে লিয়নের সঙ্গী হিসেবে স্টিভ ও’কিফকে চেয়েছিলেন অধিনায়ক। কিন্তু নির্বাচকরা ও’কিফকে ছাড়াই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা কমরছেন। নতুন স্পিনার হিসেবে মিচেল স্বেপসনকে নিয়েছেন তা নিয়ে স্মিথ প্রশ্ন না তুললেও বিষয়টি ভালো লাগেনি তার। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত কোনোক্রমেই মনঃপূত হয়নি অস্ট্রেলিয়া অধিনায়কের। স্মিথ জানেন, বাংলাদেশের মাটিতে ভালো করতে হলে ভালো মানের অভিজ্ঞ স্পিনার লাগবে। তা ছাড়া মিচেল স্টার্ক ও প্যাটিনসন না থাকায় এমনই বোলিং আক্রমণের শক্তিমত্তা কমে গেছে। এই ‘দুর্বল’ স্পিন আক্রমণ তাই বেশ ভাবাচ্ছে স্মিথকে। ও’কিফ ভারত সফর দারুণ বোলিং করেছিলেন। তার দুর্দান্ত স্পিনেই প্রথম ম্যাচে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে ৩৩৩ রানের কি মধুর এক জয়! যদিও সিরিজের পরের ম্যাচগুলোতে নিজেদের মেলে ধরতে পারেনি অস্ট্রেলিয়া। তারপরও উপমহাদেশের মাটিতে ওই জয় অনেক দিন মনে থাকবে অসিদের। স্পিনে ও’কিফের সে কি ক্যারিশমা! প্রথম ইনিংসে মাত্র ৩৫ রানে ৬ উইকেট। কাকতালীয়ভাবে দ্বিতীয় ইনিংসেও ৩৫ রানে ৬ উইকেট। ম্যাচে ৭০ রানে ১২ উইকেট নিয়ে সব আলো নিজের দিকে নিয়েছিলেন ও’কিফ। গাভাস্কার-বোর্ডার ট্রফিতে চার ম্যাচে সব মিলে ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। ও’কিফ পুনের ওই ম্যাচে একাই জিতিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। নাথান লিয়ন ছিলেন তার কেবলমাত্র সহযোগী। অথচ সেই ও’কিফ এবার বাংলাদেশ সফরে দলেই নেই। স্মিথ বলেন, ‘ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ও’কিফের দুর্দান্ত বোলিংয়েই আমরা জিতেছিলাম। শুধু ওই ম্যাচেই নয়, পুরো সিরিজেই সে ভালো বোলিং করেছে। তবে পরের ম্যাচগুলোতে বেশি উইকেট পায়নি। তারপরও এই সফরে ও’কিফের জায়গায় সুযোগ পেয়েছে অন্য কেউ। অ্যাস্টন আগারও বেশ কিছুদিন পর দলে সুযোগ পেয়েছে। দেখা যাক কী হয়। ’

অস্ট্রেলিয়া দল

স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন আগার, জ্যাকসন বার্ড, হিল্টন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জস হ্যাজলউড, উসমান খাজা, নাথান লিয়ন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু রেনশো, মিচেল স্বেপসন, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক)।

পূর্বাশানিউজ/১২ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি