শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » রাজনৈতিক দল চাইলে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে পারেন: ব্যারিস্টার শফিক আহমেদ


রাজনৈতিক দল চাইলে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে পারেন: ব্যারিস্টার শফিক আহমেদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, যে কোন রাজনৈতিক দল চাইলে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে চাইতে পারেন। এতে দোষের কিছু নেই। বিচারপতির সাথে জাজমেন্ট নিয়ে আলোচনা করা যেতে পারে। আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান বিচারপতি এসকে সিনহার সাথে সাক্ষাৎ প্রসঙ্গে ব্যারিস্টার শফিক আহমেদ এ কথা বলেন। টিভিএনএ’কে দেয়া সাক্ষাতকারে সাবেক আইনমন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনী বাতিল জাতির জন্য কি মঙ্গল বয়ে আনবে তা বিচার করবে নতুন প্রজন্ম।

ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায়ে যদি আপত্তিকর কিছু থেকে থাকে তা আইন অনুযায়ী বাতিল হতে পারে। এ ক্ষেত্রে আদালত স্বপ্রণোদিত হয়ে তা বাতিল করতে পারে। যদি আদালত তা না করেন, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ রিভিউ করতে পারে। আদালত রিভিউ আবেদন বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত দিতে পারেন। আইন অনুযায়ী আদালতের পর্যবেক্ষণ বাতিলের আবেদন করাই উত্তম বলে মন্তব্য করেন তিনি।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে সরকার রিভিউ না করলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যকর হয়ে যাবে। তিনি বলেন,ষোড়শ সংশোধনী বাতিল ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে সর্বসম্মত রায় এসেছে। এতে আগের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরে এসেছে। সাংবিধানিক পদে যারা আছেন তাদের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত হবে। আইনে আছে বিচার বিভাগ সেই তদন্ত করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃস্থাপনের বিষয় নয়। বাদ দেয়া বিধান প্রতিস্থাপন করা। এজন্য আমি অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করি। তিনি আরো বলেন, আমরা পঞ্চদশ সংশোধনীর পর সংবিধান প্রিন্ট করেছিলাম। একইভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানে পুনঃস্থাপন হবে।

১১৬ অনুচ্ছেদের বিষয়ে তিনি বলেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। এ বিষয়ে রায়ে যা বলা হয়েছে তা বিচারকের অভিমত। ভবিষ্যতে ১১৬ অনুচ্ছেদ নিয়ে আপিল বিভাগের এই অভিমতের ওপর ভিত্তি করে রিট করা যাবে। তা হলে এটা বিবেচনায় আসবে। ষোড়শ সংশোধনী বাতিল জাতির জন্য কি মঙ্গল বয়ে আনবে তা বিচার করবে নতুন প্রজন্ম বলে জানান ব্যারিস্টার শফিক আহমেদ।

পূর্বাশানিউজ/১৪ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি