
পূর্বাশা ডেস্ক:
অভিবাসীদের অভয়ারণ্য (স্যাংকচুয়ারি) হিসেবে পরিচিত নগরগুলোর জননিরাপত্তা সংক্রান্ত অনুদান বন্ধ করা হলে শিকাগোর মেয়র র্যাম ইমান্যুয়েল ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করবেন বলে হুমকি দিয়েছেন।
২ আগস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে আমেরিকার স্যাংকচুয়ারি নগরগুলোর অবৈধ অভিবাসীদের ধরার জন্য অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন।
হোয়াইট হাউসের ততকালীন প্রেস সচিব নির্বাহী আদেশকে উদ্ধৃত করে বলেন, এ আদেশের অধীনে স্যাংকচুয়ারি স্টেট ও নগরের দেয় ফেডারেল অনুদান তুলে নেয়া হবে। যুক্তরাষ্ট্রের হাজারো নগরকে এ ধরনের ফেডারেল অনুদান দেয়া হয়।
এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে ডেমোক্র্যাট দলীয় শিকাগোর মেয়র ৬ জুলাই বলেন, শিকাগোর পুলিশ অফিসারদের অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক বিতর্কের গুটি হিসেবে ব্যবহৃত হতে দেয়া হবে না। শিকাগো তার বাসিন্দাদের মৌলিক অধিকার থেকে বিচ্ছিন্ন হতে দেবে না এবং শিকাগো কখনোই এ নগরের স্বাগতিক মর্যাদা পরিত্যাগ করবে না।
ট্রাম্প প্রশাসন নগরের জননিরাপত্তা সংক্রান্ত অনুদান খাতে আগামী বছরের জন্য ৩৮০ মিলিয়ন ডলার বরাদ্দের অনুরোধ জানিয়েছেন। শিকাগো এ খাতে ৩.২ মিলিয়ন ডলার পাওয়ার আশা রাখে। খুনের হার বেশি হওয়ার কারণে শিকাগো এমনিতেই ট্রাম্পের টার্গেটে পরিণত হয়েছে।
মেয়র বলেন, এ আদেশ মেনে নিলে ট্রাম প্রশাসন ভবিষ্যতে সিটির অন্যান্য খাতেও হাত বাড়াবে। ট্রাম্প প্রশাসন এবং ফেডারেল অ্যাটর্নি জেনারেল স্যাংকচুয়ারি নগরগুলোয় অভিযান চালানোর চেষ্টা করেছিলেন। এসব নগরকে অভিবাসীদের অভয়ারণ্য হিসেবে বিবেচনা করা হয়। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও শিকাগোসহ বেশ ক’ডজন স্থানীয় সরকার ও নগর স্যাংকচুয়ারি তথা অভিবাসীদের পক্ষে আন্দোলনে শামিল হয়েছে।
স্যাংকচুয়ারি নগরগুলোর কর্মকর্তারা মনে করেন, অবৈধ অভিবাসীদের বহিষ্কার করায় জননিরাপত্তা ব্যাহত হচ্ছে। কারণ কোনো ধরনের অপরাধে অভিযুক্ত নন, এমন অভিবাসীরাও কোনো অপরাধ সংঘটিত হলে তা কর্তৃপক্ষের গোচরীভূত করতে এগিয়ে আসছেন না।
যুক্তরাষ্ট্র এবং কানাডায় এমন কিছু শহর রয়েছে যা স্যাংকচুয়ারি নগরের মর্যাদা ভোগ করে। এ ধরনের নগরে যে কারওই আশ্রয় লাভের অধিকার দেয়া হয়। এ ধরনের শহরে আশ্রয় গ্রহণকারীদের নগর পুলিশ গ্রেফতার করে না।
আগস্ট ১৪, ২০১৭/ Choity.
























































