
ডেস্ক রিপোর্ট :
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছেই। এর প্রেক্ষাপটে দেশেও চলতি বছরের ৮ মাসে দাম বেড়েছে ৫ দফা। সর্বশেষ আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দুই সপ্তাহের ব্যবধানে শনিবার দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বর্তমানে প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে সংগঠনটি। এ নিয়ে গত এক বছরে দেশে সোনার দাম ভরিপ্রতি প্রায় ১৫ হাজার টাকা বেড়েছে বলে জানায় বাজুস। এর মধ্যে বেড়েছে বেশি, কমেছে কম। আর স্বাধীনতার পর সোনার দাম বেড়েছে প্রায় ৩০৯ গুণ।
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সোনার দাম বাড়ার কারণ আন্তর্জাতিক বাজারের প্রভাব। আন্তর্জাতিক বাজারে যখন সোনার দাম বৃদ্ধি পায় তখন বাংলাদেশেও সোনার দাম বৃদ্ধি পায়। আর আন্তর্জাতিক বাজারে যখন কমে যায় তখন দেশেও কমে যায়। এ ছাড়া বাংলাদেশে পূজা ঈদসহ বিভিন্ন উৎসবের সময় সোনার চাহিদা বেড়ে যায়। তখন সোনার দাম বাড়ে বলে বিশেষজ্ঞরা জানান। এ ছাড়া সুনির্দিষ্ট কয়েকটি কারণে স্বর্ণের বাজার ঊর্ধ্বগতি হয়ে থাকে। এর মধ্যে রয়েছে মুদ্রা বাজারে ডলারের দরে ছন্দ-পতন, শেয়ারবাজারে অস্থিরতা ও বিনিয়োগ নিয়ে শঙ্কা। এসব কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। তাদের মতে, আগামীতে দাম আরো বাড়তে পারে।
বাজুস জানায়, বিশ্ববাজারে দাম বাড়লে বাংলাদেশ জুয়েলারি সমিতির সদস্যরা সাধারণ সভা করে নতুন দাম নির্ধারণ করেন।
স্বর্ণ ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধির পেছনে ৫টি কারণকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। কারণগুলো হলো- যুক্তরাষ্ট্রের ঋণমানের অবনতির আশঙ্কা, ডলারের দাম পড়ে যাওয়া, রিজার্ভ হিসেবে শক্তিশালী বিকল্প মুদ্রা না থাকা, জ্বালানি তেলের দামের কারণে উচ্চ মূল্যস্ফীতি ও ইউরোপিয়ান বন্ডের ওপর বিনিয়োগকারীদের আস্থাহীনতা। এ ছাড়া বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে ডলারের দাম পড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলারের বদলে স্বর্ণ মজুদ করেছ। এতে চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হয়। আর এর ফলেই দাম বাড়ে। অন্যদিকে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে ডলারের দাম পড়ে গেলে অন্য কোনো মুদ্রায় রিজার্ভ রাখার মতো শক্তিশালী বিকল্প নেই। কারণ অন্য কোনো মুদ্রা ডলারের মতো শক্তিশালী নয়। ফলে বিভিন্ন দেশ ডলারের বদলে রিজার্ভ রাখার জন্য স্বর্ণকেই পছন্দ করছে। এ ছাড়া সার্বিকভাবে সোনার উৎপাদনের প্রবৃদ্ধিও কমে গেছে গত দশ বছরে। সোনার উৎপাদন সবচেয়ে বেশি হয়েছিল ২০০১ সালে। ওই বছর বিশ্বের মোট স্বর্ণ উৎপাদন ছিল ২৬০০ টন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত সোনার দাম তিনগুণ হয়েছে। কিন্তু ২০০১ সালের তুলনায় উৎপাদন কমেছে ৯.৬ শতাংশ।
বাজুসের সহসভাপতি এনামুল হক খান বলেন, সোনার দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের কোনো হাত নেই। আন্তর্জাতিক বাজারে বাড়লে বাংলাদেশেও বাড়ানো হয়। কমলে বাংলাদেশেও কমানো হয়। এ ছাড়া প্রত্যেক দিন আমরা আন্তর্জাতিক গণমাধ্যমসহ অন্য মিডিয়াগুলোকে পর্যবেক্ষণ করি। এর ওপর ভিত্তি ধরেই দেশের বাজারে দর নির্ধারণ করি। তিনি জানান, বাংলাদেশ বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানি করে না। দেশের ভেতরে থাকা স্বর্ণ ও প্রবাসীরা বিদেশ থেকে ফেরার সময় যে স্বর্ণ নিয়ে আসে তা দিয়েই মূলত দেশের চাহিদা মেটানো হয়। দেশীয় ব্যবসায়ীরা মূলত স্বর্ণ ‘রিসাইক্লিং’ করেন। তবুও আন্তর্জাতিক বাজারের কারণে সোনার দাম কেন বাড়ে, জবাবে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে দাম অনেক কম হলে সব স্বর্ণ পাচার হয়ে যাবে। এ কারণে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে দাম নির্ধারণ করা হয়।
অর্থনীতিবিদরা জানান, ঐতিহাসিকভাবে কিছু দেশ স্বর্ণ বেশি রাখে। তাছাড়া আগে যখন স্বর্ণ স্ট্যান্ডার্ড ছিল তখন এটা একটা বাধ্যবাধকতার বিষয় ছিল। কিন্তু এখন এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। স্বর্ণ এখন অনেক বিকল্পের মধ্যে একটি। নিরাপদ ব্যবস্থা হল সব ধরনের বিকল্প ব্যবস্থা রাখা, যা বাংলাদেশ ব্যাংকের আছে। দেশগুলো তাদের
সুবিধা ও সহজলভ্যতার দিক বিবেচনা করে স্বর্ণ বা অন্য কোনো মুদ্রা সংরক্ষণ করে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বিশ্বব্যাপী রিজার্ভের অন্যতম উপাদান হল স্বর্ণ। এটি নিরাপদ বিনিয়োগ। ফলে অন্য পণ্যে কমলেও স্বর্ণে বিনিয়োগ বাড়ে। তবে দেশীয় বাজারে স্বর্ণের নীতিমালা জরুরি বলে মনে করছেন এই অর্থনীতিবিদ।
কথা হয় স্বর্ণ ব্যবসায়ী আখতারুজ্জামানের সঙ্গে। তার দু’টি দোকানে আগে ১২ জন কর্মচারী ছিল। এখন আছে ৫ জন। ছোট দোকানমালিকদের অবস্থা খুবই করুণ। আগে যেসব দোকানে দৈনিক ১০০ ভরি স্বর্ণ বিক্রি হতো সেখানে এখন ৩০ ভরিও বিক্রি হয় না।
স্বাধীনতার পরের বছর ১৯৭২ সালে সোনার দাম ছিল ভরিপ্রতি (১১.৬৬ গ্রাম) ১৬০ টাকা। এরপর গত ৪০ বছরে সোনার দাম বেড়েছে প্রায় ৩০৯ গুণ। গত এক বছরে দেশে সোনার দাম ভরিপ্রতি প্রায় ১৫ হাজার টাকা বেড়েছে বলে জানায় বাজুস। বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) হিসাব অনুযায়ী, ১৯৭০ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ৬০ দফায় একচেটিয়া স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ছিল। এরপর কিছুটা ছন্দপতন ঘটে। ১৯৮২ সালের পর থেকে থেমে থেমে চলে উত্থান-পতন।
২০১৭/মাহি
























































