
তুমি আসবে বলে হে স্বাধীনতা/সাকিনা বিবির কপাল ভাঙলো/সিঁথির সিঁদূর মুছে গেল হরিদসীর আমাদের মহান স্বাধীনতাযুদ্ধের এ বুকভাঙা দৃশ্যপট তুলে ধরে দেশের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন কবি শামসুর রাহমান। আজ তার ১১তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের এ দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের জন্ম ১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলির নানাবাড়িতে। তার পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলী গ্রামে। ১৯৫৭ সালে একজন সংবাদ কর্মী হিসেবে দৈনিক মর্নিং নিউজে কর্মজীবন শুরু করেন তিনি। একই বছরে রেডিও পাকিস্তানে অনুষ্ঠান প্রযোজক হিসেবে যোগ দেন। ১৯৫৯ সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন। ১৯৬০ সালে আবার মর্নিং নিউজে ফিরে আসেন এবং ১৯৬৪ সাল পর্যন্ত পত্রিকাটির সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই বছরের শেষ দিকে দৈনিক পাকিস্তানে সহকারী সম্পাদক পদে যোগ দেন তিনি। স্বাধীনতা-উত্তর ওই পত্রিকাটি দৈনিক বাংলা নামে প্রকাশিত হয়। ১৯৭৭ সালের ফেব্রুয়ারিতে তিনি দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক নিযুক্ত হন। ১৯৮৭ সালে সামরিক সরকারের শাসনামলে তিনি দৈনিক বাংলা থেকে পদত্যাগ করেন। এরপর সাহিত্য পত্রিকা অধুনার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৪৯ সালে সোনার বাংলা পত্রিকায় শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয়। তার লেখা ‘বর্ণমালা, আমার দুখিনী বর্ণমালা’, ‘আসাদের শার্ট’, ‘স্বাধীনতা তুমি’, ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ এসব কবিতার মধ্যে বিদ্রোহী চেতনার বহিঃপ্রকাশ ঘটে।
২০১৭/রুমকী






















































