
পূর্বাশা ডেস্ক:
ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ সব নদ-নদীর পানি কমতে শুরু করায় উত্তরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফরিদপুরসহ দেশের মধ্যাঞ্চলে অবনতি হয়েছে। পদ্মা ও আড়িয়াল খাঁয় পানি বাড়ছেই। এতে পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। ত্রাণ সামগ্রী না পৌঁছায় বিশেষ করে চর অঞ্চলের গরিব ও অসহায় পরিবারের লোকজন মানবেতর জীবন যাপন করছেন। এদিকে যমুনার পানি সামান্য কমলেও শাখা নদীগুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। জামালপুরে টানা বন্যায় পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া মানুষগুলোর ঘরে খাবার নেই; তার ওপর গোখাদ্যের সংকট তাদের অনেকটাই অসহায় করে তুলেছে। সরকারের পাশাপাশি বেসরকারি ত্রাণ তৎপরতা চললেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। চাঁদপুরের রাজরাজেশ্বরে হঠাৎ ভাঙন দেখা দেয়ায় বিলীন হওয়ার মুখে লক্সীমারার আশ্রয়ণ প্রকল্প। ব্যুরো ও সংবাদদাতাদের খবর-
ফরিদপুর : পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ১৬৬টি গ্রামের ১০ হাজার ৬০০ পরিবারের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া ওইসব এলাকায় দেখা দিয়েছে নদীভাঙন। পানিতে তলিয়ে গেছে ১০২টি কাঁচা ও পাকা সড়ক। নিমজ্জিত হওয়ায় ৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। পানি বৃদ্ধির ফলে তিনটি উপজেলায় ১৭১ হেক্টর ধান ও ৫৮ হেক্টর সবজিসহ ২২৯ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে দুর্গতরা বলছে প্রয়োজনের তুলনায় ত্রাণ অপর্যাপ্ত।
মাদারীপুর : আড়িয়াল খাঁ, নিম্নকুমার ও পালরদী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মাদারীপুর সদর উপজেলার উত্তর-পূর্ব অঞ্চল প্লাবিত হয়েছে। সাধারণ মানুষ গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন। সংকট দেখা দিয়েছে গোখাদ্যের। দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চললেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম।
শিবচর : পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীভাঙনের ব্যাপকতা বেড়েছে। ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ৮ সেন্টিমিটার। ঢাকা-খুলনা মহাসড়কের আড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণাধীন দ্বিতীয় সেতুর স্টোকইয়ার্ড নদীভাঙনে হুমকিতে পড়েছে। এরই মধ্যে স্টোকইয়ার্ডের ১০০ থেকে ১৫০ মিটার নদীতে বিলীন হয়েছে। তাই স্টোকইয়ার্ড থেকে দ্রুত মালামাল সরিয়ে নেয়া হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেরাই নদীতে বালুর বস্তা ফেলে ভাঙন প্রতিরোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নদীভাঙনের কবলে পড়ে কাঁঠালবাড়ি, চরজানাজাত, বন্দরখোলা, দক্ষিণ বহেরাতলা ও সন্ন্যাসীরচর ইউনিয়নের অধিবাসীরা দিশেহারা হয়ে পড়েছেন। পাচ্ছেন না প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী।
চাঁদপুর : উজান থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের বেশ কয়টি ওয়ার্ডে ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার বেলা ১১টার পর থেকে রাজরাজেশ্বর ইউনিয়নের ল¹ীমারারচর হাজী কুদ্দুস বেপারীকান্দির আশ্রয়ণ প্রকল্পে ভাঙন দেখা দেয়ায় এর বৃহৎ অংশ মেঘনা নদীতে তলিয়ে গেছে।
সিরাজগঞ্জ : সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। পৌর এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের রানীগ্রাম নামক স্থানে ফাটল ধরায় শহরবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। শাহজাদপুরের বাঁধ ভাঙা স্থান দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের রোপা আমনসহ বিভিন্ন ফসল ডুবে গেছে। এদিকে বৃহস্পতিবার রাতে তাড়াশ উপজেলার সাকোয়াদিঘী গ্রামে জিয়াউর রহমানের ছেলে সিয়াম হোসেনের (৮) সাপের কামড়ে মৃত্যু হয়েছে। এ নিয়ে পানিতে ডুবে ও সাপের কামড়ে পাঁচজনের মৃত্যু হলো। এছাড়া বন্যাকবলিত এলাকার বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানি ও জ্বালানি সংকটসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অনেক স্থানে এখনও ত্রাণ সামগ্রী না পৌঁছায় বিশেষ করে চর ও দুর্গম অঞ্চলের গরিব ও অসহায় পরিবারের লোকজন মানবেতর জীবন যাপন করছেন।
নাটোর : আত্রাই নদীর পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদী তীরবর্তী জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাজার ও পৌর এলাকার কয়েকশ’ বাড়িঘরে পানি প্রবেশ করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি শুক্র ও শনিবার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করবেন বলে জানা গেছে।
উল্লাপাড়া : ফুলজোর ও করতোয়ার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উল্লাপাড়ার উধুনিয়া, বড়পাঙ্গাসী, মোহনপুর, দুর্গানগর, বাঙ্গালা, কয়ড়া, পঞ্চক্রোশী ও সলপ ইউনিয়নসহ পৌরসভার আরও ৫০টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। বন্যাদুর্গত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এ মুহূর্তে ত্রাণ সামগ্রীর প্রয়োজন বলে দুর্গত লোকজন জানায়।
জামালপুর : উজানে যমুনার পানি খানিকটা কমলেও ভাটিতে ব্রহ্মপুত্র, ঝিনাইসহ শাখা নদীগুলোর পানি বাড়ছে। এতে সরিষাবাড়ি, মেলান্দহ, বকশীগঞ্জ ও জামালপুর সদর উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। তারাকান্দি-ভূয়াপুর সড়ক বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে সরিষাবাড়িতে। এদিকে টানা বন্যায় পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া মানুষগুলোর ঘরে খাবার নেই; তার ওপর গোখাদ্যের সংকট তাদের অনেকটাই অসহায় করে তুলেছে। সরকারের পাশাপাশি বেসরকারি ত্রাণ তৎপরতা চললেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম।
নওগাঁ : ছোট যমুনার বেড়িবাঁধ ভেঙে অন্তত ২৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। শহরের বিডিআর ক্যাম্প এলাকার অন্তত ১৫ থেকে ২০টি মহল্লা পানিতে ডুবে গেছে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে। এছাড়া সমগ্র জেলাজুড়ে বন্যার সার্বিক অবস্থা আরও ভয়ানক রূপ ধারণ করেছে। এখন পর্যন্ত এ দুর্গতরা সরকারিভাবে কোনো ত্রাণ পাননি। এ পর্যন্ত প্রায় সাড়ে ৫শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বানভাসিদের মাঝে খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।
কুড়িগ্রাম : ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ সব নদ-নদীর পানি কমতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বানভাসি মানুষগুলোর দুর্ভোগ এখনও কমেনি। ৬ দিনে পানিতে ডুবে, সাপের কামড়ে ও নিখোঁজ হয়ে ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এখনও বন্যার পানিতে তলিয়ে আছে চরাঞ্চলের বেশির ভাগ ঘরবাড়ি। বিশুদ্ধ খাবার পানি ও গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। ছড়িয়ে পড়ছে নানা পানিবাহিত রোগ। বন্যাদুর্গত এলাকায় চলছে ত্রাণের জন্য হাহাকার। জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত বন্যার্তদের জন্য ৩০ লাখ ৫ হাজার টাকা, ৯৫১ মেট্রিক টন চাল এবং ২ হাজার শুকনো খাবার প্যাকেট বরাদ্দ দেয়া হলেও তা ৪ লক্ষাধিক বানভাসির জন্য অপ্রতুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পাঙ্গা হাইস্কুল মাঠে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন বলে জানা গেছে। সেজন্য নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।
সিলেট : সাম্প্রতিক বন্যায় সিলেট বিভাগে ৮১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান ব্যাহত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা এবং কলেজও রয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৮৬টি প্রতিষ্ঠানের পাঠদান একেবারে বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, সিলেট অঞ্চলে বন্যার পানি নামতে শুরু করেছে। এ অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসও ভালো। আশা করি, কিছুদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি ঘটবে।
রংপুর : দ্বিতীয় দফায় বন্যায় বিভাগের আট জেলার ৫৬টি উপজেলার ৩৯৪টি ইউনিয়নের ৫ লাখ ৩৬ হাজার ৯৮৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিতরণ করা হয়েছে ৬৫ লাখ ১৪ হাজার টাকা এবং ২ হাজার ১২০ টন চাল। সে হিসেবে পরিবারপ্রতি সরকারি ত্রাণ বিতরণের পরিমাণ ১২ টাকা ১৫ পয়সা ও ৩ কেজি চাল। বন্যায় একাধিক স্থানে নদীশাসন বাঁধ ভেঙে গেছে। শত শত কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। হাজার হাজার গরিব মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ কোটিরও বেশি মানুষ।
আগস্ট ১৯, ২০১৭/ Choity.























































