
পূর্বাশা ডেস্ক:
ভারতের মুসলিম ব্যক্তিগত আইনের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত থাকবে। আজ বেলা সাড়ে দশটায় তিন তালাকের বৈধতা সম্পর্কে রায় দেবে দেশটির সুপ্রিম কোর্ট।
দেশটির কয়েক কোটি মুসলিম মহিলার ভাগ্য নির্ধারণ করতে চলা এই রায় দেবে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন এই বেঞ্চে রয়েছেন বিচারপতি ইউ ইউ ললিত, আর এফ নরিম্যান, আবদুল নাজির ও কুরিয়ান জোসেফ।
এঁরা জানাবেন ইসলাম ধর্মে তিন তালাক প্রয়োগের অধিকার স্বতঃসিদ্ধ কিনা।
তিন তালাকের বিরুদ্ধে যাঁরা শীর্ষ আদালতে পিটিশন ফাইল করেন, তাঁরা হলেন সায়ারা বানু, আফরিন রহমান, ইসরাত জাহান, গুলশন পারভিন ও ফারহা ফয়েজ। এঁদের আবেদনের ওপর রায় দেওয়ার পাশাপাশি ২০১৫-র অক্টোবরে শীর্ষ আদালতেরই এক বেঞ্চের নির্দেশের ওপর রায় দেওয়া হবে। বিচারপতি অনিল আর দাভে ও বিচারপতি আদর্শ কুমার গোয়েলের ওই বেঞ্চ এক মুসলিম ডিভোর্স মামলা নিয়ে সিদ্ধান্তে পৌঁছনোর সময় মুখের কথায় ডিভোর্স ও স্বামীদের একাধিক বিয়ের ফলে মুসলিম মেয়েরা যে চরম সমস্যায় ভোগেন, তা নিয়ে স্পেশাল বেঞ্চ চেয়ে জনস্বার্থ মামলার নির্দেশ দেয়।
২০১৭/মাহি
























































