
পূর্বাশা ডেস্ক:
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়করাজ রাজ্জাকের মরদেহ নেয়া হয়েছে তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। এখান থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১২টায় নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বিকেলে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) শেষ শ্রদ্ধা ও জানাজার জন্য নেওয়া হয়।
সোমবার রাতে পরিবারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়ে রাজ্জাকের বড় ছেলে বাপ্পারাজ বলেন, রাজ্জাকের মরদেহ প্রথমে সকাল ১০টায় এফডিসিতে নেওয়া হয়। সেখানে জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টায় কফিন নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর তার মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। এখানে জানাজার পর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
এর আগে সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে রাজ্জাকের ছোট ছেলে সম্রাট জানিয়েছিলেন, কানাডা থেকে মেজ ভাই বাপ্পীর আসার ওপর নির্ভর করছে তার বাবার দাফন ও শ্রদ্ধা নিবেদনের বিষয়টি।
এরপর রাতে সম্রাট সাংবাদিকদের জানান, বাপ্পীর দেশে পৌঁছাতে বৃহস্পতিবার কিংবা শুক্রবার হয়ে যাবে। তাই তারা আর অপেক্ষা না করে মঙ্গলবারই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাক সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশের সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।
২০১৭/রুমকী






















































