বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সিরাজগঞ্জে তিন লাখ মানুষ এখনো পানিবন্দী ত্রাণের জন্য হাহাকার


সিরাজগঞ্জে তিন লাখ মানুষ এখনো পানিবন্দী ত্রাণের জন্য হাহাকার


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০১৭

 

পূর্বাশা ডেস্ক:

সিরাজগঞ্জ জেলায় তিন লাখ মানুষ এখনো পানিবন্দী রয়েছেন। বানভাসি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এবং বন্যা নিয়ন্ত্রণ বঁাঁধে ঝুপড়ি তুলে আশ্রয় নিয়েছেন। অনেক স্থানে বিশুদ্ধ পানির সঙ্কট এখনো চলছে। সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন গবাদিপশু নিয়ে। গো-খাদ্যের জোগান দিতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। নাটোরের সিংড়ার আত্রাই নদীর পানি গতকাল সোমবার বিপদসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন করে আরো কমপক্ষে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। তা ছাড়া উপজেলার বলিয়াবাড়ী ও কালিনগর গ্রামে দু’টি বাঁধ ভেঙে সাতটি গ্রামের কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবৃদ্ধির কারণে ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পৌর এলাকায় বেশির ভাগ মানুষ পানিবন্দী। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অপ্রতুল ত্রাণের কারণে দুর্গতদের মধ্যে হাহাকার বিরাজ করছে। জামালপুরে বন্যার পানি কমতে শুরু করলেও প্রায় ৯ লাখ বানভাসি মানুষের দুর্ভোগ এখনো কমেনি। বন্যায় বিভিন্ন সড়ক ও ব্রিজ ভেঙে যাওয়ায় সড়ক যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া জামালপুর-দেওয়ানগঞ্জ এবং জামালপুর-তারাকান্দী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সূত্রে জানান, যমুনা নদীর পানি আরো কমেছে, তবে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, বাঁধ রক্ষায় মনিটরিং এখনো অব্যাহত আছে। বাঁধের বিভিন্ন স্থানে পানি লিকেজ বন্ধ করার কাজ অব্যাহত রাখা হয়েছে।
জেলায় তিন লাখ মানুষ এখনো পানিবন্দী রয়েছেন। বানভাসি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্র এবং বন্যা নিয়ন্ত্রণ বঁাঁধে ঝুপড়ি তুলে আশ্রয় নিয়েছেন। অনেক স্থানে বিশুদ্ধ পানির সঙ্কট এখনো চলছে। সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন গবাদিপশু নিয়ে। গো-খাদ্যের জোগান দিতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। বিভিন্ন স্থানে গরু-ছাগলের খুরা রোগ দেখা দিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও এখনো অনেকে ত্রাণ পায়নি বলে অভিযোগ করেছেন এবং ত্রাণের স্লিপ বিতরণে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ করেছেন অনেকে। সিরাজগঞ্জ সদর উপজেলার শৈলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন এছহাক আলীর পরিবার। এছহাকের স্ত্রী মহেলা বেগম (৫০) জানালেন ‘দুই দফার বন্যায় একবারও স্লিপ পাই নাই।’ খোকশাবাড়ি বাঁধে আশ্রয় নেয়া বাবলু সেখের স্ত্রী রোকেয়া এখনো ত্রাণের স্লিপ পাননি বলে জানালেন। খোকশাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর জয়নাল আবদীন বললেন ত্রাণের চাইতে মানুষ বেশি।
সূত্রে জানান, নাটোরের সিংড়ার আত্রাই নদীর পানি গতকাল সোমবার বিপদসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন করে আরো কমপক্ষে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বিশেষ করে সিংড়া পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে পড়ায় উপজেলার ২৫ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্নের আশঙ্কায় রয়েছে। তা ছাড়া উপজেলার বলিয়াবাড়ী ও কালিনগর গ্রামে দু’টি বাঁধ ভেঙে সাতটি গ্রামের কয়েক হাজার পরিবার ও ফসলি জমি নতুন করে হুমকির মুখে পড়েছে।
সিংড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিংড়া উপজেলায় আকস্মিক বন্যায় গতকাল দুপুর পর্যন্ত সাড়ে ৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বন্যাদুর্গতদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১০০ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল আহসান জানান, বর্তমানে আত্রাই নদীর পানি বিপদসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় আড়াই হাজার লোক অবস্থান করছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার সরবরাহসহ সার্বিক ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সিংড়াকে বিদ্যুৎ বিচ্ছিন্নের হাত থেকে রক্ষা করতে উপজেলা পরিষদ কাজ করছে। এ ছাড়া বন্যার্তদের মধ্যে এ পর্যন্ত ৭০ মেট্রিক টন চাল, ৫ লাখ টাকা ও ১৭টি নৌকা বিতরণ করা হয়েছে।

সূত্রে জানান, নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে আলেফ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের চকশিমলা গ্রামের আলম সরদারের ছেলে।
জানা যায়, গতকাল সোমবার দুপুরে আলেফ বাড়িতে খেলাধুলার একপর্যায়ে বাড়িসংলগ্ন বন্যার পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় পর্যন্ত তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় শিশু আলেফের লাশ বন্যার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করা হয়।

সূত্রে জানান, গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রোববার থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত প্রায় এক ফুট পানি বেড়েছে বলে স্থানীয়রা জানান। পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। দেখা দিয়েছে নদের ভাঙন। এ ছাড়া বন্যার পানি লোকালয়েও ঢুকে পড়ার ফলে গফরগাঁও পৌরসভায় ৪ নম্বর ওয়ার্ডের চরশিলাসী এলাকায় বেশির ভাগ বাড়ির ৩০-৩৫টি পরিবারের লোকজন স্থানীয় ইসলামিয়া সরকারি হাইস্কুলের আশ্রয়কেন্দ্রে গরু-ছাগল নিয়ে রোববার রাত থেকেই আশ্রয় নিয়েছে। অন্যরা পানিবন্দী হয়ে দিনযাপন করছেন। দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সঙ্কট। এ ছাড়াও পৌরসভায় ২ ও ৮ নম্বর ওয়ার্ডে বন্যা দেখা দিয়েছে। গফরগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: রেজাউল করিম বলেন, বন্যাকবলিত পানিবন্দী মানুষ আশ্রয়ের জন্য স্থানীয় ইসলামিয়া সরকারি হাইস্কুলে উঠেছে। পাশাপাশি খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়টি প্রস্তুত করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণে প্রস্তুতি চলছে। এ দিকে গতকাল সোমবার দুপুরে পৌরমেয়র এস এম ইকবাল হোসেন সুমনের উদ্যোগে আশ্রয়কেন্দ্রে আশ্রিত বন্যাদুর্গতদের মধ্যে খিচুড়ি বিতরণ করেন।

সূত্রে জানান, কুড়িগ্রামে নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যাদুর্গতরা ঘরে ফিরতে শুরু করলেও দুর্ভোগ কমেনি তাদের। তবে ঘরে ফিরতে পারছে না বন্যার পানিতে ঘরবাড়ি ভেসে কয়েক শ’ পরিবার।
জেলার ৯ উপজেলার ৬২ ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মধ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ত্রাণকার্যক্রম অব্যাহত রাখলেও তা দিয়ে প্রয়োজন মিটছে না বন্যাদুর্গতদের।
বন্যাকবলিত এলাকার ১৪০ কিলোমিটার কাঁচা সড়ক ও ২৪ কিলোমিটার পাকা সড়ক ও ব্রিজ-কালভার্ট বিধ্বস্ত হওয়ায় ভেঙে পড়েছে এসব এলাকার যোগাযোগব্যবস্থা। নষ্ট হয়ে গেছে ৫০ হাজার হেক্টর জমির রোপা আমন।
বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানির অভাবে ছড়িয়ে পড়ছে নানা রোগ।
সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও তা নিতান্তই অপ্রতুল। ফলে স্বাভাবিকভাবেই ত্রাণসহায়তা না পাওয়ার অভিযোগ অনেক বন্যাদুর্গত মানুষের।
জেলায় পাঁচ লক্ষাধিক বন্যাদুর্গত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে ১৬ মেট্রিক টন চাল, ৬২ লাখ ৫০ হাজার টাকা ও দুই হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে, যা বিতরণ করা হয়েছে।
এ দিকে কুড়িগ্রামে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার দুপুরে কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা, ঘোগাদহ, পাছগাছী, যাত্রাপুর এলাকায় ৫ শতাধিক মানুষের মধ্যে পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে এসব ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এর আগে সকালে নাগেশ্বরী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি ইউনিয়নে চাল, ডালসহ ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে সংগঠনটি।

সূত্রে জানান, পানি কমতে থাকায় রাজবাড়ীর সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। তবে দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি গতকাল সোমবার বিকেল পর্যন্তও বিপদসীমার ৮৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কুমার জানিয়েছেন, এবারের বন্যায় পদ্মার পানি দ্রুতগতিতে বাড়লেও পানি নামছে ধীরগতিতে। তবে দুই-একদিনের মধ্যে পানি বিপদসীমার নিচে নেমে যাবে বলে আশা করেন তিনি।
রাজবাড়ীর বেড়িবাঁধের বাইরের বিস্তীর্ণ এলাকায় এখনো বাড়িঘর, রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি ডুবে আছে বন্যার পানিতে। জেলার ১৫ হাজার হেক্টরের বেশি জমি ডুবে আছে বানের পানিতে। বন্ধ রয়েছে অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। পঞ্চম দিনের মতো বন্ধ রয়েছে রাজবাড়ী-দৌলতদিয়া ঘাট রেল যোগাযোগ। দুর্গত এলাকায় মানুষের পাশাপািশ গো-খাদ্যেরও চরম সঙ্কট দেখা দিয়েছে। অনেকে কোরবানির হাটে বিক্রির জন্য গরু ও ছাগল পালন করলেও এখন খাদ্যের অভাবে অল্প দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।
বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে পানিবাহিত ঠাণ্ডা-জ্বর, পেটের পীড়াসহ নানা রোগ। খাবার, পানি ও গো-খাদ্যের অভাবের মধ্যে দিন পার করছেন বানভাসি মানুষগুলো। রাজবাড়ীর সিভিল সার্জন ডা: রহিম বক্স জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের ২৫টি মেডিক্যাল টিম কাজ করছে দুর্গত এলাকায়।
জামালপুর সংবাদদাতা জানান, জামালপুরে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি কমেছে ১৬ সেন্টিমিটার। এরপরও সোমবার বিকেলে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বন্যার পানি কমতে শুরু করলেও প্রায় ৯ লাখ বানভাসি মানুষের দুর্ভোগ এখনো কমেনি। বন্যায় বিভিন্ন সড়ক ও ব্রিজ ভেঙে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া জামালপুর-দেওয়ানগঞ্জ এবং জামালপুর-তারাকান্দী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সূত্রে জানান, নওগাঁ জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ছোট যমুনা নদীর পানি এখনো বিপদসীমার ৬৪ সেন্টিমিটার ও আত্রাই নদীর পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপরে। প্রশাসন ও বিভিন্ন সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে বানভাসিরা অভিযোগ করেছেন। এ ছাড়া বিশুদ্ধ পানি ও পশু খাদ্যের চরম সঙ্কট।
নওগাঁর ছোট যমুনা নদীর ইকরতারায় বাঁধের ভাঙা স্থান দিয়ে এখনো বন্যার পানির পূর্ব দিকে প্রবেশ অব্যাহত রয়েছে। ফলে রজাকপুর, বয়েজ হোমপাড়া, ধোপাপাড়া, বিজিবি ক্যাম্প, মরছুলা স্কুল পাড়া, পুরান রেজিস্ট্রি অফিস, সুলতানপুর মহল্লাসহ ওই এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন বাসাবাড়িতে পানি প্রবেশ করায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে। অপর দিকে উত্তর দিক থেকে ঢলের পানি নেমে আসায় নওগাঁ-শহর বাইপাস মহাসড়কের ওপর দিয়ে বন্যার পানি দুই ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান জানান, ইতোমধ্যে জেলার বানভাসিদের মধ্যে নগদ ১৭ লাখ টাকা ও প্রায় ৪০০ টন চাল বিতরণ করা হয়েছে। তিনি বলেন, জেলার ১১টি উপজেলা মধ্যে ১০টি উপজেলার প্রায় ৬৫ ইউপির পাঁচ শতাধিক মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। ৮০ জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের প্রায় তিন হাজার পুকুরের মাছ। নওগাঁর মান্দা ও রানীনগর উপজেলার বানভাসিরা জানান, সরকারিভাবে যে পরিমাণ ত্রাণ বিতরণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

সূত্রে জানান, ঘাঘট নদীর বন্যার পানির তোড়ে বামনডাঙ্গা স্লুইস গেটসংলগ্ন ব্রিজটি রোববার রাতে ধসে যাওয়ায় গাইবান্ধার নলডাঙ্গা-বামনডাঙ্গা ও পার্শ্ববর্তী রংপুরের মিঠাপুকুর উপজেলার দু’টি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে পার্শ্ববর্তী রেল ব্রিজটিও হুমকির মুখে পড়েছে। এতে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে ব্রিজের ধস ঠেকাতে এবং সড়ক যোগাযোগ পুনরায় চালু করার তৎপরতা চালানো হলেও এখন পর্যন্ত তা সম্ভব হয়নি।

পূর্বাশানিউজ/২২আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি