
পূর্বাশা ডেস্ক:
নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘বাংলা চলচ্চিত্রের দর্শক প্রিয়তা অর্জনে নায়করাজ রাজ্জাকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাঙালি সংস্কৃতি চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে তার অবদান প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে।’
রাজ্জাকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান রাষ্ট্রপতি।
দেশের বিনোদন জগতে রাজ্জাকের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজ্জাকের মৃত্যুতে দেশের চলচ্চিত্র জগৎ এক কিংবদন্তীকে হারিয়েছেন।’
স্বাধীনতার পরের যুগে চলচ্চিত্রের প্রসারের ক্ষেত্রে রাজ্জাকের ভূমিকার কথা প্রধানমন্ত্রী বিশেষভাবে স্মরণ করেন। তিনি রাজ্জাকের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।
অন্যদিকে এক শোকবার্তায় স্পিকার বলেন, ‘বাংলাদেশ ও উপমহাদেশের শক্তিশালী অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। তিনি চলচ্চিত্র পরিচালনার ক্ষেত্রেও তার মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন এবং সুস্থ, পরিচ্ছন্ন ও পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় একটি ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরীতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি আদায়ে আমৃত্যু অবদান রেখে গেছেন।’
প্রবাদপ্রতিম এ অভিনেতার জনপ্রিয়তার কথা স্মরণ করে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নায়করাজ আপামর জনগণের হৃদয়ে রূপকথার নায়কের মতোই স্থান করে নিয়েছিলেন। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রে তার অভিনয় এদেশের মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত করেছিল ।
স্পিকার মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২১ আগস্ট সোমবার সন্ধ্যা ৬টার পরপর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের প্রবাদপুরুষ নায়করাজ রাজ্জাক।
২২ আগস্ট মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর তার মরদেহ নেওয়া হবে এফডিসিতে। এফডিসি ও গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা হওয়ার পর বনানী কবরস্থানে দাফন করা হবে।
২০১৭/রুমকী






















































