রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভালুকায় ঘিরে রাখা ‘জঙ্গি আস্তানায়’ বোমা নিষ্ক্রিয়কারী দল


ভালুকায় ঘিরে রাখা ‘জঙ্গি আস্তানায়’ বোমা নিষ্ক্রিয়কারী দল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৭

 

পূর্বাশা ডেস্ক:

ময়মনসিংহের ভালুকার যে বাড়িতে বোমা বিস্ফোরণে এক ‘জঙ্গি’ নিহত হয়েছেন ভেতরে তল্লাশি শুরু করেছেন পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা।

এরই মধ্যে ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনায় নিহত সন্দেহভাজন জঙ্গির স্ত্রী ও দুই সন্তানের পাশাপাশি শেখ ভিলা নামের বাড়ির মালিক, তার স্ত্রী ও তাদের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, নিহতের পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত হয়েছেন। তার নাম আলম প্রামাণিক, বাড়ি নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামে।

সুতার ব্যবসায়ী পরিচয় দিয়ে স্ত্রী নাম পারভীন আক্তার ও দুই ছেলেকে সঙ্গে নিয়ে গত ২৪ অগাস্ট ভালুকা উপজেলার হবিবাড়ি ইউনিয়নের কাশর এলাকার ওই বাড়িতে ওঠেন আলম।

রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হরিরবাড়ী ইউনিয়নের কামর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের ধারণা, নিহত ব্যক্তি জঙ্গি সংগঠনের সদস্য। বোমা তৈরির সময় বিস্ফোরণে তিনি নিহত হতে পারেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গফরগাঁও উপজেলার পাগলা থানার বিরুই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মালয়েশিয়া প্রবাসী আজিম উদ্দিন উপজেলার কাশর গ্রামে বাড়ি নির্মাণ করে তাতে ১০-১২টি পরিবারকে ভাড়া দেন। ২২ আগস্ট কুষ্টিয়া জেলায় বাড়ি পরিচয় দিয়ে নিহত ব্যক্তি স্ত্রী ও দুই শিশু ছেলে নিয়ে ওই বাসার দুটি রুম ভাড়া নেন।

রোববার সন্ধ্যায় ওই বাসায় বিকট আওয়াজ হলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। এ সময় বোমা বিস্ফোরণে অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান এবং তার শিশু ছেলে গুরুতর আহত হন। আহত শিশুকে তার মা অজ্ঞাত স্থানে চিকিৎসার জন্য চেষ্টা করে। নিহত ব্যক্তির পাশে একটি মোবাইল সেট পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন খান ঘটনাস্থলে যান। বোমা বিস্ফোরণের ঘটনার পর বিভিন্ন মসজিদের মাইকে প্রচার করা হলে রাতে মাস্টারবাড়ি আইডিএল মোড় এলাকায় নিহতের স্ত্রী ও দুই শিশু ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

পূর্বাশানিউজ/২৮আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি