
পূর্বাশা ডেস্ক:
দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক গুরু ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
স্থানীয় সময় সাড়ে তিনটায় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এর বিশেষ আদালতের বিচারক জগদীপ সিং সাজা পড়ে শোনান। এর আগে এক ঘণ্টা ধরে দুপক্ষের আইনজীবীদের মধ্যে সওয়াল-জবাব পর্ব শোনেন বিচারক। এর মধ্যেই অভিযুক্ত রাম রহিম সিং বিচারকের সামনে হাত জোড় করে ভুল স্বীকার করেন। কিন্তু বিচারক শেষ পর্যন্ত রাম রহিম সিং ইনসানকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। এরপরই আদালতের সামনে কান্নায় ভেঙে পড়েন স্বঘোষিত ধর্মগুরু।
১৯৯৯ সালে নিজের ডেরায় দুজন শিষ্যাকে ধর্ষণ করার অভিযোগে ২০০২ সালে সিবিআইয়ের কোর্টে মামলা হয়েছিল। শুধু তাই নয় রাম রহিমের বিরুদ্ধে একজন সাংবাদিক ও ডেরার ম্যানেজারকে খুনেরও অভিযোগ রয়েছে।
রহতুক জেলার সুনারিয়া কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বিশেষ কোর্টের বাইরে আইনজীবীরা সাংবাদিকদের কাছে কোনও মন্তব্য করেননি। ওই জেলের প্রায় দেড় কিলোমিটারের মধ্যে সংবাদমাধ্যমের প্রবেশ অধিকার নেই।
এদিকে, সাজা ঘোষণার পর সারসায় রাম রহিমের ভক্তরা তাণ্ডব শুরু করেছেন। ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কয়েকটি বাস ও গাড়িতে। কয়েকটি বাড়ি ও দোকানেও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর মন্ত্রিসভার জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। হরিয়ানার ১১ জেলার বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা জারি এবং কার্ফু বলবৎ রয়েছে। শুধু হরিয়ানায় নয়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং দিল্লিতেও বেশ কিছু এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন।
আগস্ট ২৮, ২০১৭/Choity.
























































