
পূর্বাশা ডেস্ক:
আলেক্সিস সানচেজ পড়েছেন উটকো ঝামেলায়। প্রেমিকাকে ছেড়ে দেয়ার জন্য আন্দোলনে নেমেছে তার ভক্তরা। সর্বশেষ টানা দুইবারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দল চিলি। দুইবারই শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে তারা। কিন্তু ২০১৮-রাশিয়া বিশ্বকাপে তাদের খেলা পড়েছে বড় শঙ্কায়। বাছাইপর্বে সর্বশেষ দুই ম্যাচে হেরেছে তারা। প্যারাগুয়ের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর বলিভিয়ার কাছে হেরেছে ১-০ গোলে। এতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইপর্বে তাদের অবস্থান ষষ্ঠ স্থানে। অথচ ১০ দলের বাছাইপর্ব শেষে বিশ্বকাপের টিকিট পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল। আর পঞ্চম দলটির বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে প্লে অফ খেলে। এতে আপাতত সেই অবস্থানেও নেই চিলি। বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে চিলিকে বাছাইপর্বের বাকি দুই ম্যাচ জিততেই হবে। এই দলের সবচেয়ে বড় তারকা আর্সেনালের স্ট্রাইকার আলেক্সিস সানচেজ। সময়টা তার মোটেও ভাল যাচ্ছে না। সানচেজের ক্লাব আর্সেনাল সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেরতে পারছে না। এরই মধ্যে তার জাতীয় দল রয়েছে বড় শঙ্কার সামনে। তিনি নিজেও রয়েছেন ফর্মহীনতায়। এতে চিলির সমর্থকরা চটেছেন সানচেজের ওপর। তার ফর্মহীনতার কারণেই চিলি এমন বাজে অবস্থায় পড়েছে বলে মনে করছেন তারা। আর সানচেজের এমন বাজে ফর্মের পেছনের কারণও বের করেছে সমর্থকরা। তিনি হলেন, সানচেজের প্রেমিকা মায়তে রদ্রিগেজ। এক বছর ধরে তার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সানচেজ। এমন কি তারা বিয়ে করবেন বলে জানা গেছে। কিন্তু চিলির সমর্থকরা এখনই তাদের বিচ্ছেদ চাইছেন। কারণ, এই প্রেমিকার কারণেই নাকি সানচেজ নিজের খেলাটা খেলতে পারছেন না। তার বিরুদ্ধে প্রথম এমন অভিযোগ আনেন চিলির অনূধর্ব-২০ দলের কোচ হোসে সুলানতে। সানচেজ ইদানিং অনেক মুটিয়ে গেছেন বলে মাঠে ভালমতো দৌড়াতে পারেন না বলে অভিযোগ করেন তিনি। আর তার মুটিয়ে যাওয়ার পেছনের কারণ, প্রেমিকা মায়তে রদ্রিগেজ। এই ইস্যুটা সামনে নিয়ে চিলির সমর্থকরা ফেসবুকে একটি পেজ খুলেছে। যার শিরোনাম, ‘সবাই এগিয়ে আসো’। সেখানে লেখা হয়েছে, ‘আলেক্সিস তার প্রেমিকা মায়তের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্বরূপে ফিরে আসুক এবং চিলিকে ২০১৮ বিশ্বকাপে নিয়ে যাক।’ সানচেজের প্রেমিকা ছাড়ার এই আন্দোলনের ইভেন্টে অংশগ্রহণ করেছে ৫৫ হাজারের বেশি মানুষ। এছাড়া ৬৮ হাজার মানুষ আন্দোলনে অংশ নেয়ার আগ্রহ দেখিয়েছে। চিলির জাতীয় স্টেডিয়ামে ওই ৫৫ হাজার সমর্থক উপস্থিত হয়ে সানচেজের প্রেমিকা ছাড়ার আন্দোলনে যোগ দেবেন বলে জানিয়েছে দেশটির কয়েকটি পত্রিকা। তাদের সেøাগান হবে, ‘সানচেজ তুমি প্রেমিকা ছাড়ো, দেশকে বিশ্বকাপে নিয়ে চলো’।
৯ সেপ্টেম্বর ২০১৭/ Choity.
























































