শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিশ্চিত মৃত্যু, নারীকে উদ্ধার করল পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মা-মেয়ে আত্মীয়র বাসা থেকে ফিরতে রেলস্টেশনে গিয়েছিলেন। প্লাটফর্মে যাত্রীদের হুড়াহুড়িতে মেয়ে ট্রেনে উঠতে পারলেও, মা উঠতে পারেননি। এদিকে নির্দিষ্ট সময় পার হলে ট্রেন চলা শুরু করে। নিরুপায় হয়ে চলন্ত ট্রেনের দরজার হাতল ধরে দৌঁড়াতে থাকেন ওই নারী। এর একপর্যায়ে ট্রেনের নিচেই পড়তে যাচ্ছিলেন তিনি। তখন স্টেশনে দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা দৌঁড়ে গিয়ে তাকে উদ্ধার করেন।

গত শুক্রবার মুম্বাইয়ের নালাসোপাড়া রেলস্টেশনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

সেদিন রাত সাড়ে ৯টার দিকে মুম্বাই পুলিশের উপপরিদর্শক গোপাল কৃষ্ণা রাও একটি অপরাধের তদন্ত করছিলেন। সে সময়ই লতা মহেশ্বরী (৫৫) নামের ওই নারীকে বিপজ্জনকভাবে দৌঁড়াতে দেখেন তিনি। একটু হলেই তার পা প্লাটফর্ম থেকে ট্রেনের নিচে চলে যাচ্ছিল। গোপাল কৃষ্ণ সে সময় ওই নারীকে ধরে ফেলেন। ফলে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি।

ট্রেন চলে যাওয়ার পর পুলিশ সদস্যরা লতাকে শান্ত করেন। খুব সামান্যই চোট পান তিনি। লতা রাজস্থানের জয়পুর শহরে থাকেন। তার মেয়েকে দেখতে প্রায়ই মুম্বাইয়ের বরিভালি এলাকায় যান তিনি। সেদিন এক আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলেন মা-মেয়ে। সেখান থেকেই বরিভালিতে ফিরছিলেন তারা।

রেলওয়ের নিরাপত্তা দলের এক কর্মকর্তা জানান,স্টেশনে এসেই মা-মেয়ে দেখেন বরিভালির ট্রেনে ছেড়ে যাচ্ছে। মেয়ে প্রীতি ট্রেনে উঠতে পারলেও লতা বাইরে থেকে যান। তার পরই ওই ঘটনা ঘটে।

মাকে প্রাণে বাঁচানোর জন্য প্রীতি পুলিশ কর্মকর্তা গোপালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সেপ্টেম্বর ১১, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি