
পূর্বাশা ডেস্ক:
রুশ মিডিয়া স্পুটনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে এক সংবাদ শিরোনামে বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসের সঙ্গে সকল রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছেন, খাদ্য দিচ্ছেন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিশ্বের অন্যতম গরিব দেশ হলেও গত কয়েক সপ্তাহে অন্তত ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। মিয়ানমার থেকে নির্মম সহিংসতার শিকার হয়ে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানরা বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে বাস করলেও তারা দীর্ঘদিন থেকে মৌলিক অধিকার বঞ্চিত ও নির্যাতনের শিকার হয়ে আসছে। গত সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন তার দেশ ৭ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে ও তা থেকে বিচ্যুত হবে না। তিনি রোহিঙ্গাদের বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করেন। মানবিক দিক বিবেচনা করে তার দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং দেশবাসিকে তিনি যা কিছু সম্ভব তা দিয়ে সহায়তা দেওয়ার আহবান জানান। একই সঙ্গে শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিয়ানমার সরকারকে রোহিঙ্গা শরণার্থীদের নিজদেশে ফিরিয়ে নেওয়ার জন্যে চাপ সৃষ্টির দাবি জানান।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ প্রতিবেশিদেশগুলোর সঙ্গে শান্তি ও সুসম্পর্ক বজায় রাখছে। কিন্তু রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সরকারের অবিচার তার দেশ কখনো মেনে নেবে না। রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা লাঘবে যা কিছু সম্ভব বাংলাদেশ করবে।
এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রা’দ হুসেইন রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের সহিংসতায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী যে অভিযান চালিয়েছে তা বৈষম্যমূলক ও আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার কোনো তোয়াক্কা না করেই করা হয়েছে।
অং সাং সুচি যিনি মিয়ানমারের অবিসংবাদিত নেতা ও নোবেল পুরস্কার পান গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে লড়াই করে, তিনিও রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করতে না পেরে আন্তর্জাতিক বিশ্বে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন।
পাঁচ জন নারী নোবেল বিজয়ী অং সাং সুচিকে লেখা এক চিঠিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন বন্ধ ও তাদের রক্ষা করতে ব্যক্তিগত ও নৈতিক দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন।
গত বছর মার্চে বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারের সময় সাক্ষাতকার নেওয়া সাংবাদিক মিশাল হুসেইন সম্পর্কে অং সাং সুচি বলেন, কেউ আমাকে বলেনি যে আমি একজন মুসলিমকে সাক্ষাতকার দিতে যাচ্ছি। সুচি এভাবেই মুসলিমদের ওপর তার বিরোধিতার নজির স্থাপন করেন।
২০১৭/রুমকী























































