শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিজেকে প্রধান আসামি বললেন খন্দকার মোশাররফ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সাংবাদিকদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজ আমি আপনাদের সামনে প্রধান আসামি হিসাবে উপস্থিত হয়েছি। তার এই বক্তব্যে পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান আসামি নন, দ্বিতীয় আসামি। এই কথা বলে হাসি দেন মির্জা ফখরুল।

তারপরেও খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধান আসামি হিসাবে উপস্থিত হয়েছি। বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এই সব কথা বলেন। গতকাল বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টি সংসদ সদস্য ফখরুল ইমাম রিপোর্ট পাঠকালে বলেন, সিঙ্গাপুরে মেরিনা বে নামে বিলাসবহুল হোটেলের শেয়ার রয়েছে বিএনপি সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফের। মেরিনা বে হোটেল অ্যান্ড রিসোর্টের ১৩ হাজার শেয়ারের মালিক তিনি। এছাড়া খন্দকার মোশাররফের সিঙ্গাপুরে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে এবং মালয়েশিয়ায় তিনটি অ্যাপার্টমেন্ট রয়েছে।

এ প্রসঙ্গে সিঙ্গাপুর ও মালয়েশিয়াতে নিজের নামে কোনো সম্পদ নেই দাবি করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, মালয়েশিয়ার আমার কোন অ্যাপার্টমেন্ট নেই ও মেরিনা বে হোটেল অ্যান্ড রিসোর্টেও আমার শেয়ার নাই। দলের সিনিয়র নেতাদের নামে এসব তথ্য ছড়িয়ে সরকার বিএনপিকে ঘায়েল করতে চাচ্ছে।
সরকারের কাছে বিদেশে বিএনপি নেতাদের যে সেকেন্ড হোমের কথা বলা হচ্ছে তার তালিকা প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডায় বিএনপি নেতাদের যে সেকেন্ড হোম আছে তার তালিকা প্রকাশ করুন। চ্যালেঞ্জ করছি, আমাদের বিরুদ্ধে এসব কল্পকাহিনীর সত্যতা গত ১০ বছর প্রমাণ করতে পারেননি, এখনও পারবেন না।
সংসদে বিএনপি ও আমার নামে সম্পদের যে সব তথ্য দেয়া হয়েছে তা মিথ্যা, বানোয়াট, রাজনৈতিক উদ্দেশে ও কাল্পনিক গল্প বলে দাবি করেন খন্দকার মোশাররফ।

পূর্বাশানিউজ/১৪সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি