
পূর্বাশা ডেস্ক:
ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। আর এতে সবার নজর বাংলাদেশের তরুণ পেসার মোস্তাফিজুর রহমানের দিকে। ‘এ’ প্লাস গ্রেডের এই খেলোয়াড়কে দলে টানতে নিশ্চয় প্রথম সুযোগটা চাইবে ৭ দলের প্রত্যেকেই। নগরীর র্যাডিসন হোটেলের বল রুম থেকে খেলোয়াড় বাছাইয়ের এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা, গাজী টিভি ও র্যাবিটহোল অ্যাপস। পছন্দের বিদেশি খেলোয়াড়ের সঙ্গে ইতিমধ্যে চুক্তি সেরে নিয়েছে আসরের সাত দলই। তবে নিলাম থেকেও বিদেশি দুই খেলোয়াড়কে দলভুক্ত করতে পারবে বিপিএল ফ্র্যাঞ্চাইজিরা। এবার পরবির্তন এসেছে দলগুলোর আইকন খেলোয়াড়ে। আর ২০১৬ মৌসুমের কমপক্ষে তিন খেলোয়াড়কে দলে রেখে দেয়াটা ছিল ফ্র্যাঞ্চাইজিদের জন্য বাধ্যতামূলক। ড্রাফটে প্রতিটি দল সর্বনিম্ন ৭ জন থেকে সর্বোচ্চ ১৩ জন স্বদেশি ক্রিকেটারকে কিনতে পারবে।
এবারের খেলোয়াড় ড্রাফটে মোস্তাফিজুর রহমানের মূল্য ৬০০০০ ডলার। আইকন তালিকার বাইরে রয়েছেন বাংলাদেশের এই ‘কাটার মাস্টার’। ড্রাফটে দলগুলোর নজর থাকবে শীর্ষ ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস ও তরুণ তারকা নাজমুল হোসেন শান্তর দিকেও। বরিশাল বুলসের সঙ্গে চুক্তি ছিল শাহরিয়ার নাফীসের। তবে এবারের আসরে খেলছে না বরিশাল বুলস। বাংলাদেশ হাইপারফরমেন্স দলের হয়ে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে নৈপুণ্য দেখানো তরুণ ব্যাটসম্যান শান্তকে স্কোয়াডে রাখেনি তার পুরনো ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানস। খেলোয়াড় ড্রাফটে দলগুলোর নজর থাকবে জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম চৌধুরী, হাসানুজ্জামানের দিকেও। বোলারদের মধ্যে দলগুলোর আগ্রহের কেন্দ্রে থাকবেন আরাফাত সানি, আবুল হাসান রাজু, আবদুর রাজ্জাক, আবু হায়দার রনিরা। বিদেশি খেলোয়াড়দের মধ্যে মিসবাহ উল হক, আজহার আলী, দিনেশ চান্ডিমাল, গ্যারি ব্যালেন্স, কামরান আকমল, টিম ব্রেসনান, উপুল থারাঙ্গার নাম রয়েছে এবারের বিপিএল প্লেয়ার ড্রাফটের ‘এ’ গ্রেডে (৭০০০০ ডলার)। ইংলিশ পেসার জেক বল, কিউই প্যাটসম্যান জেসে রাইডার ও পাকিস্তানি অলরাউন্ডার সোহেল তানভীর রয়েছেন গ্রেড বি-তে (৫০০০০ ডলার)। প্লেয়ার্স ড্রাফটে বিদেশি ২০৮ জনের তালিকায় থাকছে আইসিসি’র সহযোগী দেশের ১৪ খেলোয়াড়ের নাম।
এক বছর পর আসরে ফিরেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। লায়াম প্লাঙ্কেট, উসমান খান শিনওয়ারি ও ক্রিশমার সানটোকিসহ ১০ জন বিদেশি খেলোয়াড় দলভুক্ত করেছে সিলেট সুরমা সিক্সার্স। খেলোয়াড় ড্রাফটে সবচেয়ে ব্যস্ত থাকবে চিটাগং ভাইকিংস। গত বারের স্কোয়াডের অনেক খেলোয়াড়কেই ছেড়ে দিয়েছে তারা। কেবল জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার সঙ্গে চুক্তি রয়েছে ভাইকিংসের। খেলোয়াড় ড্রাফটে মূলত স্বদেশি ক্রিকেটারদের দিকে নজর থাকবে শিরোপাধারী ঢাকা ডায়নামাইটসের। কুমার সাঙ্গাকারা, এভিন লুইস, শেন ওয়াটসন, কেভন কুপার, শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, সুনীল নারাইনসহ ১২ বিদেশি খেলোয়াড় দলভুক্ত করেছে তারা।
২০১৫’র চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস দলে ভিড়িয়েছে জস বাটলার, মারলন স্যামুয়েলস, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, হাসান আলীসহ ৯ বিদেশি খেলোয়াড়। জাতীয় দলের দুই ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে ভিক্টোরিয়ানসে জুটি বাঁধতে দেখা যাবে এবার। রবি বোপারা, থিসারা পেরেরা, ডেভিড উইলির মতো টি-টোয়েন্টি স্প্যাশালিস্ট ক্রিকেটারদের দেখা যাবে রংপুর রাইডার্স দলে। দলটির নেতৃত্ব দেবেন বাংলাদেশ জাতীয় দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
কাইল অ্যাবট, বেনি হাওয়েল, জুনাইদ খান, শাদাব খান, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন রুবেলকে নিয়ে খুলনা টাইটানসের বোলিং সাইডটা অনেকটাই পরিণত। রাইলি রুসো ও ডেভিড মালানকে দলভুক্ত করলেও প্লেয়ার্স ড্রাফটে টপ অর্ডার ব্যাটসম্যানদের দিকে নজর থাকবে তাদের। খাঁটি স্পিনারের দিকে নজর থাকবে রাজশাহী কিংসের। লুক রাইট, লেন্ডল সিমন্স, সামিত প্যাটেল, কেশরিক উইলিয়ামস, মোহাম্মদ সামি, ড্যারেন স্যামি রয়েছেন এই দলে। কিংস শিবিরে এবার যোগ দিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম। এবারের আসরে প্রতিটি দলের একাদশে খেলতে পারবেন সর্বোচ্চ পাঁচজন বিদেশি ক্রিকেটার। শুরুর চার আসরে একাদশে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারতেন না। এবারের আসরে প্রতিটি দলের একাদশে কমপক্ষে তিনজন বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করাটা বাধ্যতামূলক। বিপিএলের পঞ্চম সংস্করণে ঢাকা ডাইনামাইটসের আইকন প্লেয়ার সাকিব আল হাসান, রাজশাহী কিংসের মুশফিকুর রহিম, খুলনা টাইটানসে মাহমুদুল্লাহ রিয়াদ, চিটাগাং ভাইকিংসের সৌম্য সরকার, কুমিল্লা ভিক্টোরিয়ানসের তামিম ইকবাল, রংপুর রাইডার্সের মাশরাফি বিন মুর্তজা এবং সিলেট সুরমা সিক্সার্সের আইকন প্লেয়ার হিসেবে থাকছেন সাব্বির রহমান। পঞ্চম বাংলাদেশ প্রিমিয়ার লীগের পর্দা উঠছে আগামী ২রা নভেম্বর।
২০১৭/রুমকী
























































